মোশতাক আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীসহ দেশের শহরগুলোতে ঘুরলে যে জিনিসটি সবচেয়ে বেশি নজরে আসে তা হলো, 'টু-লেট' লেখাটি। অর্থাৎ ভাড়া হবে। সর্বস্তরে বাংলা প্রচলনে কথা থাকলেও বাড়ি ভাড়ার বিজ্ঞাপনের মতো শহরগুলোর বেশিরভাগ দোকানের নামফলকও লেখা হচ্ছে ইংরেজিতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর মোশতাক আহমেদ রাজধানীর শ্যামলী থেকে ধানমন্ডি ২৭ পর্যন্ত ঘুরে দেখতে পেয়েছেন, সড়কের দুই পাশের অধিকাংশ দোকান কিংবা মার্কেটের নামফলকই ইংরেজিতে লেখা। এর মধ্যে কোনও কোনও শপিং মলের নাম বাংলা হলেও তা ইংরেজিতেই লেখা। আর বিজ্ঞাপন ফলকগুলোর (বিলবোর্ড) প্রায় সবগুলোই ইংরেজিতে।
নামফলকে বাংলার পরিবর্তে ইংরেজির ব্যবহার প্রায়শই স্বল্পশিক্ষিত মানুষকে দুর্ভোগে ফেলে। অনেক সময় ঠিকানা খুঁজতে হয়রানিতে পড়তে হয় অনেককে। শিক্ষাবিদরা বলছেন, দেশের বেশির ভাগ মানুষ যেন পড়তে পারে, সে জন্য নামফলকগুলো (সাইনবোর্ড) বাংলায়ই লেখা উচিত।
এ প্রসঙ্গে বাংলা একাডেমীর সাবেক মহাপরিচালক অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যেহেতু এটা বাংলাদেশ, তাই এখানে সাইনবোর্ড ও বিলবোর্ডও বাংলায় লেখা উচিত। কারণ এদেশের বেশির ভাগ মানুষই ইংরেজি পড়তে জানে না। তবে যেসব বিষয় বহির্বিশ্বের সঙ্গে সম্পকর্যুক্ত, সে সব ক্ষেত্রে বাংলার পাশাপাশি ইংরেজিতে লেখা চলে।"
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ড. সৌমিত্র শেখরের মতে, নামফলক কিংবা বিজ্ঞাপন ফলকে বাংলার ব্যবহার খুব গুরুত্বপূর্ণ।
তার যুক্তি, মানুষ রাস্তা, পার্ক, স্কুল, কলেজের পাশ দিয়ে যখন চলাচল করে তখন সবার আগে চোখ পড়ে নামফলক ও বিজ্ঞাপন ফলকগুলোর ওপর। মানুষের মনোজগতে এগুলো 'ইমেজ'র মতো কাজ করে। এ কারণে বাংলাদেশে শিক্ষিত-অশিক্ষিত সর্বস্তরের মানুষের কাছে শব্দগুলো একটি বিশেষ অর্থ বহন করে।
সৌমিত্র শেখর বলেন, "তাই সাইনবোর্ড-বিলবোর্ডগুলো বাংলায় লেখা হলে তা দেশের মানুষের সাক্ষরতার হার বাড়াতেও ভূমিকা রাখবে। কারণ মানুষটি যখন লেখাটি বাংলায় দেখবে, তখন তা পড়ার চেষ্টা করবে। কিন্তু ইংরেজিতে হওয়ায় সে সুযোগটি থাকছে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এমআই/এমএ/১৩১৭ ঘ.
bdnews24