২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বইমেলা বাংলা একাডেমীর বাইরে যাবে না- সেলিনা হোসেন

বাংলা একাডেমীর সাবেক মহাপরিচালক কথাসাহিত্যিক সেলিনা হোসেন বুধবার প্রথমবারের মতো এবারের মেলায় আসেন। মেলা প্রাঙ্গণ ঘুরে দেখতে দেখতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর মাহমুদ শরীফকে দেওয়া সাক্ষাৎকারে মেলা বাংলা একাডেমীর বাইরে নেওয়ার প্রস্তাবের বিরোধিতা করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম মোবাইল নিউজ রুম থেকে জানাচ্ছেন মাহমুদ শরীফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2008, 02:44 PM

Updated : 26 Aug 2022, 01:20 PM

মাহমুদ শরীফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, ০৬ ফেব্র"য়ারি ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম )-- বাংলা একাডেমীর সাবেক মহাপরিচালক কথাসাহিত্যিক সেলিনা হোসেন বুধবার প্রথমবারের মতো এবারের মেলায় এসেছেন । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে বাংলা একাডেমীর কিছু নতুন সিদ্ধান্তের বিরোধিতা করেন তিনি। একুশে বইমেলাকে বাংলা একাডেমী প্রাঙ্গণ থেকে বাইরে সরিয়ে নেওয়ার মোটেই পক্ষপাতী নন সেলিনা হোসেন। সম্ভাব্য এ সংক্রান্ত প্রস্তাবের বিরোধিতা করে তিনি বলেন, "অমর একুশে বইমেলা নিছক একটি বইমেলা নয়, এটি বাঙালির প্রাণের মেলা। এ মেলাকে কোথাও সরিয়ে নিতে দেওয়া হবে না। এটি এ চত্বরের বাইরে যাবে না।" এই বইমেলার পেছনে রক্ত ঝরার ইতিহাস রয়েছে মন্তব্য করে লেখিকা বললেন, "সেই গৌরবোজ্জল ইতিহাসের জন্যই এটি একুশের বই মেলা, প্রাণের মেলা। আর বাংলা একাডেমী চত্বরের বাইরে নিয়ে গেলে এ মেলাকে ঘিরে যে আবেগ, সেটি আর থাকবে না।" "আর এ বই মেলাকে বাইরে সরাতে হবে কেন? জায়গা সঙ্কট কিংবা মেলার আন্তর্জাতিকীকরণ কোনো যুক্তি হতে পারে না"- সখেদ মন্তব্য তার। প্রয়োজনে ঢাকা বই মেলাকে আন্তর্জাতিক রূপ দেওয়ার পরামর্শ দিয়ে সেলিনা হোসেন বলেন, "ওই মেলার পরিসর বাড়ানো হোক কিংবা প্রাতিষ্ঠানিক রূপ দেয়া হোক।" মেলা ঘুরে দেখার পর তিনি বলেন, "এবারের মেলা খুবই সুশৃঙ্খল, আয়োজন পরিপাটি। মেলার ভিড়, ধুলো ওড়াওড়ি, আড্ডা এসবও কিন্তু একুশে বই মেলার সৌন্দর্যের অনুষঙ্গ।" মেলার নিয়মিত আয়োজনের অংশ হিসেবে বুধবার আয়োজিত 'বাংলাদেশের শিল্প সাহিত্যে তিন যুগের অর্জন (১৯৭২-২০০৭) লিট্ল ম্যাগাজিন,সাময়িকপত্র ও সংবাদপত্রের সাহিত্য চর্চা' শীর্ষক অনুষ্ঠানে সেলিনা হোসেন সভাপতিত্ব করেন। এতে সাহিত্য পত্রিকাগুলোকে 'সাহিত্যের সূতিকাগার' আখ্যা দেন তিনি। এবারের মেলায় সেলিনা হোসেনের বই বেরিয়েছে পাঁচটি। এর মধ্যে একটি শিশু সাহিত্য 'চাঁদের বুড়ি পান্তা ইলিশ', উপন্যাস 'পূর্ণ ছবির মগ্নতা', দুটি প্রবন্ধ 'ঘর গেরস্থির রাজনীতি' ও 'নিজেরে করো জয়'। এছাড়া 'দক্ষিণ এশিয়ার নারীবাদী গল্প' সঙ্কলনের সম্পাদনা করেছেন তিনি। এবারের মেলায় তার আরেকটি বই বের হওয়ার কথা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডিএস/এসকে/২০০০ঘ.