১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্রধান তথ্য কর্মকর্তা হলেন নিজামুল, আরও দুই দপ্তরে নতুন ডিজি

গণযোগাযোগ এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালকের পদেও পরিবর্তন আনা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2024, 07:04 PM

Updated : 26 Aug 2026, 10:24 AM

সরকারের তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. নিজামুল কবীর।

আর গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক আকতার হোসেনকে।

এছাড়া চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পেয়েছেন সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

মো. নিজামুল কবীর।

মো. নিজামুল কবীর।

২০২১ সালের ১৫ জুলাই থেকে প্রধান তথ্য কর্মকর্তার দায়িত্বপালন করছিলেন মো. শাহেনুর মিয়া। এর আগে তিনি অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা (প্রশাসন ও প্রেস) ও সিনিয়র উপপ্রধান তথ্য কর্মকর্তা (প্রেস) হিসেবেও দায়িত্ব পালন করেন।

চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পাওয়া আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন এর আগে প্রেষণে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) পরিচালক ও মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ছিলেন।

আওয়ামী লীগ সরকারের পতন ও অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন দপ্তরে ব্যাপক রদবদলের ধারায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এ পদগুলোতেও পরিবর্তন এল।