১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাত দিনের রিমান্ডে নজরুল ইসলাম মজুমদার

নজরুল ইসলাম নাসা গ্রুপের চেয়ারম্যান। আশুলিয়ায় অবস্থিত তার গ্রুপের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সম্প্রতি আন্দোলনেও নামে।

সাত দিনের রিমান্ডে নজরুল ইসলাম মজুমদার
ফাইল ছবি।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2024, 06:42 PM

Updated : 10 Sep 2026, 12:19 PM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত যুবক ইমন হোসেন গাজী হত্যার ঘটনায় যাত্রাবাড়ী থানার মামলায় এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান এবং ব্যাংক মালিকদের সংগঠন বিএবি এর সাবেক সভাপতি নজরুল ইসলাম মজুমদারকে হেফাজতে রেখে সাত দিন জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।

মঙ্গলবার মধ্যরাতে ঢাকার গুলশান থেকে গ্রেপ্তারের পর বুধবার তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক মো. মাহাবুল ইসলাম।

রিমান্ডের বিরোধিতা করে জামিন চেয়ে শুনানী করেন আসামি পক্ষের আইনজীবী। 

উভয় পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে সাত দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন ঢাকা মহানগর হাকিম আরিফুর রহমান।

মামলার বিবরণ অনুযায়ী, গত ৫ অগাস্ট ঢাকার যাত্রাবাড়ী এলাকার চিটাগাং রোডের ওপর বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় ইমন হোসেন গাজী নামের এক যুবক গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। নিহত ইমনের ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে ২৮ অগাস্ট যাত্রাবাড়ী থানায় ৮৫ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।

আগের সরকারের সময় ব্যাংক খাতের আলোচিত এই ব্যবসায়ীকে মঙ্গলবার মধ্যরাতে গ্রেপ্তারের তথ্য দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা-ডিবি পুলিশ।

ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিকের দেওয়া তথ্য অনুযায়ী, রাতে তাকে গুলশান থেকে গ্রেপ্তার করে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা আছে।

নজরুল ইসলাম নাসা গ্রুপের চেয়ারম্যান। আশুলিয়ায় অবস্থিত তার গ্রুপের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সম্প্রতি আন্দোলনেও নামে।

ছাত্র-জনতার আন্দোলনে ৫ অগাস্ট সরকার পতনের পর আওয়ামী লীগ নেতাদের মত ব্যাংক খাতের উদ্যোক্তাদের কেউ কেউ আত্মগোপনে চলে যান। নজরুল ইসলাম মজুমদারও ওই সময় থেকে আর প্রকাশ্যে আসেননি। খবর রটেছিল তিনি বিদেশে চলে গেছেন।

ক্ষমতার পালাবদলে ব্যাংক খাতে পরিবর্তনের অংশ হিসেবে গত ২৯ অগাস্ট এক্সিম ব্যাংকে তাকে বাদ দিয়ে নতুন পরিচালনা পর্ষদ গঠন করে দেয় বাংলাদেশ ব্যাংক। তাতে বিএবির নেতৃত্বও হারান তিনি।

এর মাধ্যমে ১৭ বছর পর নজরুল ইসলামের বলয় থেকে বের হল শরিয়াহভিত্তিক ব্যাংকটির পর্ষদ।

ব্যাংক খাতের আলোচিত নাম নজরুল ইসলাম ২০০৭ সাল থেকে ব্যাংকটির চেয়ারম্যান পদে ছিলেন। তিনি ২০০৯ সাল থেকে ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান পদে ছিলেন।

বিএবি চেয়ারম্যানের দায়িত্বে থাকার সময় বেসরকারি ব্যাংক থেকে চাঁদা তুলে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা নিয়ে আলোচনায় আসেন তিনি।

এর আগে ২৫ অগাস্ট এক্সিম ব্যাংক ও বিএবির চেয়ারম্যান এবং তার স্ত্রী নাছরিন ইসলামের ব্যাংক হিসাব অবরুদ্ধ রাখতে নির্দেশনা দেয় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট-বিএফআইইউ।

ব্যাংক থেকে নানা সময় চাঁদা তোলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন সময়ে ব্যাংক কোম্পানি আইন পরিবর্তন করে উদ্যোক্তাদের সুবিধা বাড়ানো ও নীতি পরিবর্তনে ভূমিকা রাখার অভিযোগও রয়েছে।

আরও পড়ুন

গুলশান থেকে গ্রেপ্তার নজরুল ইসলাম মজুমদার