রাষ্ট্রপতির সঙ্গে নতুন প্রধান বিচারপতির সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আশা প্রকাশ করেন, জনগণ যাতে দ্রুত ন্যায়বিচার পায় সেজন্য প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নবনিযুক্ত চার বিচারপতি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
বঙ্গভবনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন প্রধান বিচারপতির সঙ্গে ছিলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মো. রেজাউল হক এবং বিচারপতি এস এম এমদাদুল হক।
সাক্ষাতে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি জানান, সুপ্রিম কোর্টের উভয় বিভাগেই সকল বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে।
নতুন বিচারপতিদের অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আশা প্রকাশ করেন, জনগণ যাতে দ্রুত ন্যায়বিচার পায় সেজন্য প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
বিচারপতিরা মামলা জট কমানোর ব্যাপারেও প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে আশা করেন রাষ্ট্রপতি।
এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব নাসিমুল গনি এবং সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী এবং প্রেস সচিব মো. জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।
গণআন্দোলনে সরকার পতনের পর ১০ অগাস্ট শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের ছয় জন বিচারপতি।
এরপর হাই কোর্ট বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি নিয়োগ করে প্রজ্ঞাপন জারি করা হয়।
১১ অগাস্ট দেশের পঞ্চবিংশতিতম প্রধান বিচারপতি হিসেবে রাষ্ট্রপতির কাছে শপথ নেন হাই কোর্ট বিভাগের সৈয়দ রেফাত আহমেদ।
হাই কোর্ট বিভাগের আরও চার বিচারককে আপিল বিভাগে নিয়োগ করা হয় ১২ অগাস্ট। পরদিন তারা শপথ দেন নবনিযুক্ত প্রধান বিচারপতির কাছে।
আরও পড়ুন:
