১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাফুফে সভাপতিকে নিয়ে মানহানিকর বক্তব্য সরাতে রিট আবেদন

রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, বিটিআরসি চেয়ারম্যান, একাত্তর টিভি কর্তৃপক্ষ, একাত্তর টিভির প্রধান সম্পাদক, বার্তা সম্পাদক, সংশ্লিষ্ট রিপোর্টার ও ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে বিবাদী করা হয়েছে।

বাফুফে সভাপতিকে নিয়ে মানহানিকর বক্তব্য সরাতে রিট আবেদন

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2023, 05:49 PM

Updated : 13 Jun 2023, 06:36 PM

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনকে নিয়ে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের মানহানিকর বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরানোর নির্দেশনা চেয়ে হাই কোর্টে রিট দায়ের করা হয়েছে। 

পাশাপাশি গোপনীয়তা রক্ষা এবং যেকোনো ভুয়া তথ্য তৈরি ও প্রচার থেকে বিরত থাকার নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। 

একই সঙ্গে একাত্তর টিভিতে কাজী সালাউদ্দিনকে নিয়ে যে প্রতিবেদন প্রচারিত হয়েছে, সেটিও সরাতে নির্দেশনা চাওয়া হয়েছে। 

মঙ্গলবার হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় কাজী সালাউদ্দিনের পক্ষে আইনজীবী সাইফুল্লাহ মামুন এই রিট দায়ের করেন। 

আইনজীবী সাইফুল্লাহ মামুন জানান, রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, বিটিআরসি চেয়ারম্যান, একাত্তর টিভি কর্তৃপক্ষ, একাত্তর টিভির প্রধান সম্পাদক, বার্তা সম্পাদক, সংশ্লিষ্ট রিপোর্টার ও ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে বিবাদী করা হয়েছে। 

এতে বাংলাদেশের আইন অনুযায়ী বিবাদীদের কাজী সালাউদ্দিন সম্পর্কে কোনো মিথ্যা এবং মানহানিকর বিবৃতি তৈরি বা সম্প্রচার থেকে বিরত রাখতে প্রতিরোধমূলক ব্যবস্থা কেন নেওয়া হবে না, এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে। 

এ ছাড়া বিবাদীদের সংবিধানের ৩১ এবং ৩৯ অনুচ্ছেদের অধীনে রিটকারীর সুনাম এবং গোপনীয়তার মৌলিক অধিকার সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে।