ঘূর্ণিঝড় ‘মুরাসু’: চার বন্দরে দুই নম্বর সংকেত
প্রবল ঘূর্ণিঝড়টি সোমবার মধ্যরাত বা ভোর নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মুরাসু’ এর প্রভাব বাংলাদেশে তেমন না পড়লেও সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ১৪.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৮১.০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে।
এটি সোমবার দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রাম বন্দর থেকে ১৪৭৫ কিলোমিটার, কক্সবাজার বন্দর থেকে ১৪৪০ কিলোমিটার, মোংলা সমুদ্রবন্দর থেকে ১৩০০ কিলোমিটার ও পায়রা সমুদ্রবন্দর থেকে ১৩২৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। এটি আরও উত্তর-পশ্চিমে অগ্রসর হয়ে সোমবার মধ্যরাত বা মঙ্গলবার ভোর নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।
প্রবল ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১১৭ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল রয়েছে।
বিজ্ঞপ্তিতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের আকাশ অস্থায়ীভাবে মেঘলা রয়েছে। মঙ্গলবারও সারাদেশে আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। অপরিবর্তিত থাকতে পারে দিন ও রাতের তাপমাত্রা।
