২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়ি ছেঁচড়ে মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছাল

আগামী ১১ জুনের মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ রেখেছেন বিচারক।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2023, 03:57 PM

Updated : 07 May 2023, 03:57 PM

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গাড়ির সঙ্গে এক কিলোমিটার ছেঁচড়ে নেওয়ার সময় নারীর প্রাণহানির ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পিছিয়েছে।

রোববার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মুহাম্মদ আসাদুজ্জামান নূর এ মামলার প্রতিবেদন দাখিলের জন্য ১১ জুন নতুন তারিখ ঠিক করে দেন।

রাষ্ট্রপক্ষের অন্যতম আইনজীবী আজাদ রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এদিন তদন্ত প্রতিবেদন জমার দিন থাকলেও তদন্ত কর্মকর্তা নীলক্ষেত পুলিশ ফাঁড়ির এসআই মো. জাফর প্রতিবেদন দাখিল করতে না পারায় বিচারক নতুন তারিখ দেন।

গত বছরের ২ ডিসেম্বর ননদের স্বামীর সঙ্গে মোটরবাইকে করে শাহবাগ হয়ে হাজারীবাগে ভাইয়ের বাসায় যাচ্ছিলেন রুবিনা আক্তার নামের এক নারী। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আজাহার জাফর শাহের প্রাইভেট কারের ধাক্কায় রুবিনা ছিটকে ওই গাড়ির নিচে পড়ে যান।

সে সময় পেছন ও আশপাশ থেকে অনেকে চিৎকার করলেও জাফর গাড়ি না থামিয়ে চালিয়েই গিয়েছিলেন।

প্রায় এক কিলোমিটার ছেঁচড়ে যাওয়ার পর তার গাড়ি আটকে জনতা রুবিনার ক্ষতবিক্ষত দেহ চাকার নিচ থেকে উদ্ধার করে। তখন রুবিনাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উত্তেজিত জনতার পিটুনিতে গুরুতর আহত হলে জাফর শাহকেও হাসপাতালে ভর্তি করা হয় সেদিন।

ওইদিনই গভীর রাতে রুবিনার ভাই জাকির হোসেন সড়ক পরিবহন আইনে শাহবাগ থানায় মামলা করেন। পরে জাফর শাহকে পুলিশ আটক করে।

কারাগারে কাফর জাফর শাহ আরও অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে কারাগারের হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেই মারা যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষক।

আরও পড়ুন:

পুরনো খবর:

গাড়িটি দুর্ঘটনা ঘটিয়ে নারীকে ছেঁচড়ে নিয়ে গেল এক কিলোমিটার
ভরসা হয়ে থাকা মাও চলে গেল রোহানের
দুর্ঘটনার পর ঢাবিতে যানবাহন নিয়ন্ত্রণের দাবিতে বিক্ষোভ
গাড়িতে ছেঁচড়ে নারীর মৃত্যু: ঢাবির সেই সাবেক শিক্ষকের মৃত্যু
গাড়িতে ছেঁচড়ে মৃত্যু: ৯ জানুয়ারি প্রতিবেদন চেয়েছে আদালত
নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ঢাবি শিক্ষার্থীদের ১১ দফা