২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবৃদ্ধি টেকসই করতে পরিবেশ রক্ষায় গুরুত্ব দিতে হবে: পরিবেশমন্ত্রী

বিশ্ব ব্যাংকের পক্ষে ‘সবুজ প্রবৃদ্ধি অর্জনের ফ্রেমওয়ার্ক উপস্থাপন করা হয় সেনিমারে।

প্রবৃদ্ধি টেকসই করতে পরিবেশ রক্ষায় গুরুত্ব দিতে হবে: পরিবেশমন্ত্রী
ঢাকার বনানীতে হোটেল শেরাটনে বৃহস্পতিবার বিশ্ব ব্যাংক আয়োজিত ‘বাংলাদেশ সবুজ প্রবৃদ্ধি অর্জন: এক সাথে দেখা স্বপ্ন বাস্তবায়ন’ শিরোনামে সেমিনারে বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2024, 08:22 PM

Updated : 10 Sep 2026, 12:08 PM

প্রবৃদ্ধি টেকসই করতে পরিবেশ, প্রকৃতি রক্ষায় গুরুত্ব দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

তিনি বলেছেন, “আসুন, আমরা সবাই মিলে একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করি।”

বৃহস্পতিবার ঢাকার বনানীতে হোটেল শেরাটনে বিশ্ব ব্যাংক আয়োজিত ‘বাংলাদেশ সবুজ প্রবৃদ্ধি অর্জন: এক সাথে দেখা স্বপ্ন বাস্তবায়ন’ শিরোনামে সেমিনারে এ কথা বলেন তিনি।

উৎপাদন-বিপণন থেকে শুরু করে জীবনের সব পর্যায়ে পরিবেশবান্ধব কাঠামো গড়ে তোলার মাধ্যমে টেকসই ‘সবুজ প্রবৃদ্ধি’ অর্জনের লক্ষ্য নিয়ে কাজ করতে চান মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। 

তিনি বলেন, জীববৈচিত্র্যের ক্ষতি ও দূষণ রোধে সবাইকে এক সঙ্গে কাজ করার পাশাপাশি সবুজ প্রবৃদ্ধি বাস্তবায়নে বিভিন্ন সেক্টরকে পরিবেশবান্ধব করতে হবে। 

“সরকার এনার্জি মাস্টার প্ল্যান বাস্তবায়ন করছে। জিডিপি বাড়ালেই হবে না, পরিবেশ ঠিক করতে হবে। দূষণ বেশি হলে টেকসই প্রবৃদ্ধি হবে না। বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করতে হবে, প্রকৃতিভিত্তিক সমাধানের দিকে যেতে হবে।”

পরিবেশ রক্ষার প্রচেষ্টা শুধু সরকারি পর্যায়ে সীমাবদ্ধ না রেখে, সমাজের সব স্তরে ছড়িয়ে দেওয়ার দিকে নজর দিচ্ছেন পরিবেশমন্ত্রী। এ কাজ করতে বেসরকারি খাতে প্রণোদনা দেওয়ার প্রয়োজন বলে মনে করেন তিনি। 

সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিবেশমন্ত্রী বলেন, বাজেট চূড়ান্ত হওয়ার পর পরিবেশ ও জলবায়ু খাতে কত বরাদ্দ থাকবে সেটার চেয়ে ওই বরাদ্দের ঠিকঠাক ব্যবহার হচ্ছে কিনা, সে বিষয়ে গুরুত্ব দিচ্ছেন তারা। 

“সারা বিশ্বে তাপমাত্রা বাড়ছে, পুরো বাজেটটা জলবায়ুতে দিয়ে দিলেও যথেষ্ট হবে না। যাদের জন্য এ অর্থ, যারা সবচেয়ে ঝুঁকির মধ্যে আছে; তাদের কাছে অর্থটা যেন সঠিকভাবে পৌছাতে পারে এবং আমাদের যে সীমিত সম্পদ আছে তার সর্বোচ্চ ব্যবহার যেন আমরা নিশ্চিত করতে পারি, সেটাই লক্ষ্য। 

“উপকূলীয় অঞ্চলে মূল ফোকাসটা, মানুষ বাস্তুচ্যুত হচ্ছে, লবণাক্ততা প্রভাব ফেলছে; এসবে গুরুত্ব দেওয়া হবে।” 

বাংলাদেশ বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেক বলেন, সবুজ প্রবৃদ্ধি পরিবেশ রক্ষার পাশাপাশি দারিদ্র্য বিমোচনে একটি শক্তিশালী এবং কার্যকর উপায় হতে পারে। 

“সবুজ প্রবৃদ্ধি অর্জনে সমস্ত কিছু পরিবেশবান্ধব ইকো সিস্টেমে করতে হবে, আরও গাছ লাগাতে হবে। এর জন্য নীতি ও অর্থ প্রয়োজন এবং সব সেক্টরকে এক সঙ্গে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে বিশ্ব ব্যাংকের জ্যেষ্ঠ পরিবেশ বিশেষজ্ঞ ইউন জু অ্যালিসন ই সবুজ প্রবৃদ্ধি অর্জনের ফ্রেমওয়ার্ক (গ্রিন গ্রোথ ফ্রেমওয়ার্ক) উপস্থাপন করেন।

তাতে পরিবেশ বাঁচাতে সরকার ও তার হিসাব ব্যবস্থা শক্তিশালী করা, সবুজ শিল্প কারখানা স্থাপন, সামাজিক নিরাপত্তায় জোর দেওয়া এবং জনস্বাস্থ্যের উন্নতি করাসহ বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়।

বিশ্ব ব্যাংকের ‘ফ্রেমওয়ার্ক ফর ইমপ্লিমেন্টেটিং গ্রিন গ্রোথ ইন বাংলাদেশ-২০২৩’ প্রতিবেদন বলছে, ২০৩১ সালের মধ্যে উচ্চমধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার বাংলাদেশের যে লক্ষমাত্রা, সেটি অর্জনে সহায়ক হবে গ্রিন গ্রোথ ফ্রেমওয়ার্ক। যেটি প্রতিষ্ঠানকে শক্তিশালী করা, নিয়ন্ত্রণমূলক সংস্কার, জলবায়ু বিষয়ে দায়িত্বশীল সরকারি ও বেসরকারি অর্থায়ন এবং সক্ষম নীতি কাঠামোর মাধ্যমে অর্জন করা যেতে পারে।