১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘মানসিক ভারসাম্যহীন’ ছেলের ছুরিকাঘাত, প্রাণ গেল মায়ের

দীর্ঘদিন ধরে জিহাদের চিকিৎসা চলছে বলে জানিয়েছেন তার বাবা।

ঢাকা মেডিকেল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2024, 11:42 AM

Updated : 10 Sep 2026, 12:22 PM

ঢাকার তুরাগে ‘মানসিক ভারসাম্যহীন’ ছেলের ছুরিকাঘাতে চল্লিশোর্ধ্ব এক মা নিহত হয়েছেন।

রোববার ভোরে বাউনিয়া মাদবরবাড়ি এলাকায় এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

নিহত দিনু বেগম বাসাবাড়িতে কাজ করেন, তার স্বামী নুরুল আমিন একজন দিনমজুর। ২৫ বছর বয়সী ছেলে জিহাদ ‘মানসিক ভারসাম্যহীন’ বলে জানিয়েছেন বাবা বাবা নুরুল আমিন।

তিনি বলেন, রোববার ভোরে তার স্ত্রী রান্না করতে চুলাঘরে যান। ওই সময় জিহাদ ঘর থেকে একটি ছুরি নিয়ে তার মাকে ছুরিকাঘাত করে।

“তার (দিনু বেগম) চিৎকার শুনে আমি দৌড়ে যাই সেখানে, ততোক্ষণে জিহাদ পালিয়ে যায়।”

পরে দিনুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত বলে জানান।

দীর্ঘদিন ধরে জিহাদের মানসিক রোগের চিকিৎসা চলছে জানিয়ে বাবা নুরুল জানান, তার দুই ছেলে, তিন মেয়ের মধ্যে জিহাদ সবার বড়। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলায়।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ময়নাতদন্তের জন্য দিনুর মৃতদেহ মর্গে রাখা হয়েছে।