২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

কাজে গতি আনতে কর্মকর্তাদের তথ্যপ্রযুক্তিতে সক্রিয় হওয়ার নির্দেশ

“সরকারি কাজের গতিশীলতা আনা এবং কর্ম সম্পাদন বিলম্ব পরিহারে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এসব নির্দেশনা দিয়েছেন,” বলা হয়েছে চিঠিতে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2024, 09:18 PM

Updated : 26 Aug 2026, 10:46 AM

সরকারি কাজে গতি আনতে কর্মকর্তাদের অধিক সচেতন ও গোপনীয়তা রক্ষা করে তথ্যপ্রযুক্তি ব্যবহারে তৎপর হওয়ার নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পাঁচটি নির্দেশনা সম্বলিত চিঠি অধীনস্থ সব দপ্তর, সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানোর কথা জানানো হয়েছে।

‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারে অধিকতর তৎপর হওয়া’ শিরোনামে চিঠিতে বলা হয়েছে-

•    হোয়াটসঅ্যাপসহ অন্যান্য যোগাযোগমাধ্যম ব্যবহারে সব কর্মকর্তাকে অধিকতর সচেতন ও সতর্ক থাকতে হবে, যেন অফিস অথবা অফিসের বাইরে ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশনা প্রতিপালন সহজ হয় এবং দ্রুত সাড়া দেওয়া যায়।

•    সার্বক্ষণিক মোবাইল নেটওয়ার্ক সচল রাখতে ব্রডব্যান্ড, ওয়াইফাই বা মোবাইল ডেটার মাধ্যমে নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত থাকতে হবে।

•    নিয়মিত বিরতিতে হোয়াটসঅ্যাপ মেসেজ পরীক্ষা করতে হবে, যেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা বা পরামর্শ দ্রুততার সঙ্গে বাস্তবায়ন করা যায়।

•    হোয়াটসঅ্যাপ বা অন্য কোনো যোগাযোগমাধ্যমে প্রদত্ত যেকোনো সরকারি তথ্যের গোপনীয়তা রক্ষা করতে হবে।

•    হোয়াটসঅ্যাপ বা অন্য কোনো মাধ্যমে কোনো সিদ্ধান্ত বা নির্দেশনা দেওয়া হলে পরবর্তী সময়ে তথ্য যাচাইয়ের সুবিধার্থে রেকর্ডে তা সংরক্ষণ করতে হবে।

চিঠিতে বলা হয়, “তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশেষ করে হোয়াটসঅ্যাপসহ অন্যান্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদান করা যায় এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সহজতর হয়। তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহারের মাধ্যমে সরকারি কাজের গতিশীলতা আনা এবং কর্ম সম্পাদন বিলম্ব পরিহারে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এসব নির্দেশনা দিয়েছেন।”