১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আর্মি স্টেডিয়ামে কনসার্ট: এক্সপ্রেসওয়েতে টোল ছাড়

কনসার্টের দিন টোল ছাড়াই এয়ারপোর্ট, কুড়িল ও বনানী র‍্যাম্প দিয়ে এক্সপ্রেসওয়ে ব্যবহার করা যাবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2024, 06:46 PM

Updated : 10 Sep 2026, 12:26 PM

গণআন্দোলনে হতাহতদের পরিবারকে সহায়তায় ঢাকার আর্মি স্টেডিয়ামে আগামী ২১ ডিসেম্বর ‘ইকোস অব রেভ্যুলেশন’ কনসার্টের দিন এলিভেটেড এক্সপ্রেসওয়ের তিনটি র‌্যাম্প দিয়ে চলাচলকারী যানবাহনকে টোল দিতে হবে না।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া ও পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান মঙ্গলবার এক বার্তায় বলেছেন, ওই দিন দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত টোল ছাড়াই এয়ারপোর্ট, কুড়িল ও বনানী র‍্যাম্প দিয়ে এক্সপ্রেসওয়ে ব্যবহার করা যাবে।

কনসার্ট ঘিরে যানজটের ভোগান্তি কমাতে এমন সিদ্ধান্তের কথা বলছেন এই কর্মকর্তা; তবে এক্সপ্রেসওয়ের অন্য র‌্যাম্প ব্যবহারীদের টোল দিতে হবে।

জুলাই-অগাস্টের গণআন্দোলনে হতাহতদের পরিবারের আর্থিক সহায়তায় এ কনসার্ট আয়োজন করছে 'স্পিরিটস অফ জুলাই’ নামে একটি প্ল্যাটফর্ম। সেখানে গাইবেন পাকিস্তানের জনপ্রিয় শিল্পী রাহাত ফাতেহ আলী খান।

আয়োজকরা বলছেন, কনসার্টের জন্য কোনো পারিশ্রমিক নেবেন না রাহাত ফাতেহ আলী। কনসার্ট থেকে অর্জিত অর্থ যাবে শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে গত ২৯ নভেম্বর শুক্রবার সংবাদ সম্মেলনে সম্মেলনের বিস্তারিত তুলে ধরেন 'স্পিরিটস অফ জুলাই' এর সদস্যরা।

প্ল্যাটফর্মটির সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী হাসান মাহমুদ রিজভী বলেন, রাহাত ফাতেহ আলী খানের সঙ্গে ‘স্পিরিটস অফ জুলাই’ প্ল্যাটফর্মের চুক্তি হয়েছে। তিনি বিনা পারিশ্রমিকে গান করবেন বলে ‘প্রতিশ্রুতি দিয়েছেন’। অর্থাৎ তার পারিশ্রমিকও আহত-নিহতদের পরিবারকে দেওয়া হবে।”

অনুষ্ঠানে দেশীয় ব্যান্ড আর্টসেল, চিরকুট, অ্যাশেজ, আফটারম্যাথের শিল্পীরা থাকবেন। গাইবেন র‌্যাপ সংগীতশিল্পী সেজান ও হান্নানও। গান ছাড়াও অনুষ্ঠানে জুলাই বিপ্লবের গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চনাটক হবে। থাকবে মুগ্ধ ওয়াটার জোনসহ বিভিন্ন কর্নার।

আরও পড়ুন-

ঢাকায় চ্যারিটি কনসার্টে আসছেন রাহাত ফাতেহ আলী খান

ঢাকায় রাহাত ফতেহ আলী খানের কনসার্ট দেখতে খরচ হবে যত