০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

ঢাকায় রাহাত ফতেহ আলী খানের কনসার্ট দেখতে খরচ হবে যত

রাজধানীর আর্মি স্টেডিয়ামে হবে এই কনসার্ট।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2024, 03:21 PM

Updated : 26 Aug 2026, 11:06 AM

জুলাই-অগাস্টের অভ্যুত্থানে নিহত-আহতদের পরিবারকে সহায়তার জন্য ‘ইকোস অব রেভল্যুশন’ শীর্ষক যে কনসার্টে পাকিস্তানি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান গাইবেন, সেই কনসার্টের টিকেটের দাম ঠিক করেছে আয়োজকরা। 

রাজধানীর আর্মি স্টেডিয়ামে এই কনসার্টটির আয়োজন করছে ‘স্পিরিটস অব জুলাই’ নামের একটি প্ল্যাটফর্ম।    

টিকেট মিলছে তিন ধরনের দামে। 

আয়োজকদের মধ্যে সাদেকুর রহমান সানি গ্লিটজকে বলেন, "টিকেট বিক্রির প্ল্যাটফর্ম গেট সেট রকে তিন ক্যাটাগরির টিকেট পাওয়া যাচ্ছে।"   

তিনি বলেছেন, 'ভিআইপি' টিকেটের দাম সবচেয়ে বেশি, ১০ হাজার টাকা। এই টিকেট কেনা দর্শকরা মঞ্চের সামনে বসে অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। 

এরপর রয়েছে 'ফ্রন্ট রো’; দাম সাড়ে ৪ হাজার টাকা। এছাড়া সাধারণ সারির টিকেট কিনতে খরচ হবে আড়াই হাজার টাকা। 

সানি বলেন, “কনসার্ট থেকে পাওয়া অর্থ শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনে অনুদান দেওয়া হবে।"    

ওই কনসার্টে রাহাত ফতেহ আলী খান ছাড়াও আরও থাকবে দেশের ব্যান্ডদল আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ, র‍্যাপার সেজান, র‍্যাপার হান্নান ও সিলসিলার পরিবেশনা।

গান ছাড়াও কনসার্টে জুলাই বিপ্লবের গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চনাটক হবে। থাকবে মুগ্ধ ওয়াটার জোনসহ বিভিন্ন কর্নার।

কনসার্টের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে প্রাইম ব্যাংক।

উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী নুসরাত ফতেহ আলী খানের ভাতিজা রাহাত ফতেহ আলী খান পাকিস্তানের পাশাপাশি, বলিউডের সিনেমায় গান গেয়ে ভারতেও তুমুল জনপ্রিয়তা পেয়েছেন।

‘পাপ’, ‘ওমকারা’, ‘ওম শান্তি ওম’, ‘লাভ আজকাল’, ‘মাই নেম ইজ খান’, ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই’, ‘রেডি’, ‘বডিগার্ড’, ‘জান্নাত ২’, ‘হিরোইন’, ‘দাবাং’, ‘দাবাং ২’, ‘ফাটা পোস্টার নিকলা হিরো’সহ বলিউডের বহু সিনেমায় কণ্ঠ দিয়ে জনপ্রিয় হয়েছে রাহাত ফতেহ আলী খান।

আরও পড়ুন:

ঢাকায় চ্যারিটি কনসার্টে আসছেন রাহাত ফাতেহ আলী খান