২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

পানির ট্যাংকে ৫ বছরের শিশুর লাশ, হত্যার অভিযোগে ভাবি গ্রেপ্তার

“খাদিজা শিশুটিকে শ্বাসরোধে হত্যার পর পানির ট্যাংকে ফেলে দেওয়ার বিষয়টি পুলিশের কাছে স্বীকার করেছে।”

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2026, 12:47 AM

Updated : 26 Aug 2026, 05:36 PM

রাজধানীর কুড়িলে এক বাড়ির পানির ট্যাংক থেকে পাঁচ বছরের একটি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। 

শিশুটিকে হত্যার অভিযোগে তার ভাইয়ের স্ত্রীকে গ্রেপ্তার করেছে ভাটারা থানার পুলিশ 

বুধবার বিকেলে কুড়িলের মৃধাবাড়ি থেকে আরিফা নামের ওই শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। পরে তার ভাইয়ের স্ত্রী খাদিজা আক্তারকে গ্রেপ্তার করা হয়।

ভাটারা থানার এসআই মওদুদ কামাল বলেন, “খাদিজা শিশুটিকে শ্বাসরোধে হত্যার পর পানির ট্যাংকে ফেলে দেওয়ার বিষয়টি পুলিশের কাছে স্বীকার করেছে।”

কুড়িল মৃধাবাড়ি এলাকার ওই ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকত শিশু আরিফা। তার বাবা মো. রাজিব পেশায় দিন মজুর। একই বাড়িতে পাশের ঘরে থাকত শিশুটির ভাই হাসান এবং তার স্ত্রী খাদিজা। 

পরিবারের বরাতে এসআই মওদুদ বলেন, শিশুটি তার ভাইয়ের কাছে বিভিন্ন সময়ে নানা ধরনের খাবার কিনে দিতে আবদার করত, আর ভাই হাসান তা কিনে দিত। 

“এসব নিয়ে রাগারাগির এক পর্যায়ে খাদিজা শিশুটিকে হত্যা করে ওই বাসারই পানির ট্যাংকে ফেলে দেয়।”

অনেক খোঁজাখুজি করে শিশুটিকে না পেয়ে বাড়ির লোকজন বিকালে পানির ট্যাংকে তার লাশ দেখতে পায় এবং পুলিশে খবর দেয়।