২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অবিলম্বে ঝুমন দাশের মুক্তি দাবি উদীচীর

ডিজিটাল নিরাপত্তা আইনসহ মতপ্রকাশের স্বাধীনতাকে ‘রুদ্ধ’ করে এমন সব ধরনের নিবর্তনমূলক আইন বাতিলেরও দাবি জানিয়েছে উদীচী।

অবিলম্বে ঝুমন দাশের মুক্তি দাবি উদীচীর

ডিজিটাল নিরাপত্তা আইনে সুনামগঞ্জের শাল্লার ঝুমন দাস ফের গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2022, 12:56 PM

Updated : 02 Sep 2022, 04:20 PM

সুনামগঞ্জের শাল্লার ঝুমন দাশকে ডিজিটাল নিরাপত্তা আইনে ফের গ্রেপ্তারের নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তি দাবি করেছে উদীচী শিল্পীগোষ্ঠী।

সাম্প্রতিক একটি ফেইসবুক পোস্টকে ঘিরে গত মঙ্গলবার সকালে শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামের বাড়ি থেকে পুলিশ ঝুমন দাশকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। দিনভর জিজ্ঞাসাবাদ শেষে রাতে পুলিশের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

প্রায় আড়াই বছর আগে এক ফেইসবুক পোস্ট ঘিরে ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের করা এক মামলায় কারাগারে যেতে হয় ঝুমনকে, যা নিয়ে ব্যাপক সমালোচনা হয়। ওই মামলায় তিনি জামিনে মুক্তি পেলেও এবার তাকে নতুন মামলায় বন্দি হতে হল।

উদীচী সভাপতি অধ্যাপক বদিউর রহমান এবং সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে এক বিবৃতিতে বলেন, “দীর্ঘদিন কারাভোগের পর গণদাবির মুখে জামিনে মুক্ত হলেও ঝুমন দাশের সুনামগঞ্জের বাইরে যাওয়ার উপর নিষেধাজ্ঞা ছিল। তার চলাফেরাও নানাভাবে নিয়ন্ত্রিত ছিল। তারপরও ফেইসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে গত ৩০ অগাস্ট মঙ্গলবার রাতে ঝুমন দাশকে আবার থানায় ডেকে নিয়ে যায় পুলিশ।

“প্রায় ১২-১৩ ঘণ্টা আটকে রাখার পর তাকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার দেখানো হয়। অথচ, যে ফেইসবুক পোস্টের জন্য ঝুমনকে গ্রেপ্তার করা হল, সেখানে সিরাজগঞ্জের একটি মন্দিরের গেইটে মসজিদের দানবাক্স ঝোলানোর নিন্দা জানিয়েছিলেন ঝুমন দাশ।“

বিবৃতিতে বলা হয়, “মন্দিরের গেইটে মসজিদের দানবাক্স লাগানোর মত সাম্প্রদায়িক উসকানিমূলক কাজ করার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে যে এ কাজের সমালোচনা করল, তাকেই গ্রেপ্তার করল পুলিশ। এটি অত্যন্ত আশ্চর্যজনক এবং নিন্দনীয় কাজ বলে মনে করে উদীচী।“

অবিলম্বে ঝুমন দাশকে মুক্তি দেওয়ার পাশাপাশি সিরাজগঞ্জে মন্দিরের গেইটে মসজিদের দানবাক্স লাগানোর সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে উদীচী নেতাদের বিবৃতিতে।

এছাড়া, ডিজিটাল নিরাপত্তা আইনসহ মতপ্রকাশের স্বাধীনতাকে ‘রুদ্ধ’ করে এমন সব ধরনের নিবর্তনমূলক আইন বাতিলেরও দাবি জানিয়েছে সংগঠনটি।

পুরনো খবর:

ডিজিটাল নিরাপত্তা আইনে ফের গ্রেপ্তার শাল্লার ঝুমন দাস