২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কানকুনে বিরোধ কিয়োটো প্রটোকল নিয়ে

কিয়োটো প্রটোকল নবায়ন না করার পক্ষে জাপান অনড় অবস্থান নেওয়ায় কানকুন সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলোর বিরোধ তুঙ্গে উঠেছে। কানকুন থেকে জানাচ্ছেন তানিম আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2010, 10:35 AM

Updated : 25 Aug 2022, 07:45 PM

তানিম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কানকুন, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিয়োটো প্রটোকল নবায়ন না করার পক্ষে জাপান অনড় অবস্থান গ্রহণ করায় কানকুন সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলোর বিরোধ তুঙ্গে উঠেছে। ১০ বছরেরও বেশি আগে স্বাক্ষরিত এ বিশ্ব জলবায়ু চুক্তিটির মেয়াদ ২০১২ সালে পেরিয়ে যাবে। গ্রিন হাউস গ্যাস নির্গমন কমিয়ে এনে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার এ সম্মেলনে অন্যতম প্রধান শিল্পোন্নত দেশ জাপান জানায়, কোনো শর্তেই বা কোনো অবস্থাতেই জাপান কিয়োটো প্রটোকলের মেয়াদ বাড়ানোয় সম্মত হবে না। শুক্রবার জাপানের এ ঘোষণার পরপরই বিশ্বের বৃহৎ অর্থনৈতিক শক্তি এবং শীর্ষ কার্বন নির্গমনকারী দেশগুলোর মধ্যে বিদ্যমান বিরোধ চরমে পৌঁছায়। জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত স্বল্পোন্নত দেশগুলোর কূটনীতিকরাও এ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। ১৯৯৭ সালে জাপানের কিয়োটো সম্মেলনে প্রাথমিকভাবে গৃহীত এবং ২০০৫ সালে কার্যকর হওয়া চুক্তি বা 'কিয়োটো প্রটোকলই' বিদ্যমান একমাত্র বিশ্ব জলবায়ু চুক্তি যা কিনা কার্বন নির্গমনের মাত্রা কমিয়ে আনতে স্বাক্ষরকারী দেশগুলোর ওপর আইনি বাধ্যবাধকতা আরোপ করে। কানাডা এবং রাশিয়ার মতো শক্তিশালী দেশ 'কিয়োটো প্রটোকল' নবায়ন না করার পক্ষে জাপানের এ অবস্থানকে সমর্থন দিয়েছে। অন্যদিকে, আরও দুই শক্তিশালী পক্ষ যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নও বিপরীতমুখী অবস্থানে থাকায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। যুক্তরাষ্ট্র বলছে, কিয়োটো চুক্তি নবায়ন হোক বা না হোক তার একটি নতুন চুক্তির লক্ষ্যে এগিয়ে যেতে চায়। কিন্তু ইউরোপীয় ইউনিয়ন যুগপৎভাবে কিয়োটো'র নবায়ন এবং একটি নতুন চুক্তি চাইছে। মেক্সিকোর অবকাশ নগরী কানকুনে 'ইউনাইটেড নেশন্স ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ' বা 'ইউএনএফসিসি' এর ১৬তম সম্মেলন ২৯ শে নভেম্বর শুরু হয়েছে। ১০ই ডিসেম্বর পর্যন্ত এই সম্মেলন চলবে। সম্মেলনে প্রায় ১৯০টি দেশ অংশগ্রহণ করছে। কোপেনহেগেনে গত বছরের সম্মেলনের হতাশাজনক সমাপ্তির পর এবার কানকুনে আগতদের অন্যতম লক্ষ্য জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ক্ষতি পুষিয়ে নিদে দরিদ্র দেশগুলোকে প্রতিশ্র"ত 'জলবায়ু তহবিল' ছাড়ের ব্যবস্থায় অগ্রগতি, কার্বন নির্গমন হ্রাস পর্যক্ষেণে নিশ্চয়তা আনা এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজনের ব্যবস্থা। কিয়োটো প্রটোকল নবায়ন না করার পক্ষে জাপানের যুক্তি হল এই চুক্তি বিশ্বে কার্বন নির্গমনের মাত্র ২৭ ভাগকে এর আওতায় আনতে পেরেছে এবং যুক্তরাষ্ট্রের মতো সবচেয়ে বড় কার্বন নির্গমনকারী দেশকে এটা আওতাভুক্ত করতে পারেনি। যুক্তরাষ্ট্র কিয়োটোতে স্বাক্ষর করেনি এবং পরেও তা কার্যকর করেনি। চীন বা ভারতের মতো অন্যতম শীর্ষ কার্বন নির্গমনকারী দেশে পরিণত হওয়া রাষ্ট্রগুলোও কিয়োটো মানছে না। অন্যদিকে, চীন, ভারত এবং ল্যাতিন আমেরিকার বেশ কয়েকটি দেশসহ অন্যান্য মধ্য-আয়ের দেশ এবং দরিদ্র দেশগুলো বলছে নতুন একটি বিশ্ব জলবায়ু চুক্তি না হওয়া পর্যন্ত কিয়োটো প্রটোকলের মেয়াদ বাড়ানোটা অত্যাবশ্যক। বাংলাদেশ এবং অন্যান্য স্বল্পোন্নত দেশ ও ছোটো দ্বীপদেশ গুলো দীর্ঘদিন ধরে বলে আসছে যে, আইনি বাধ্যবাধকতাসহ একটি নতুন বিশ্ব চুক্তির পাশাপাশি কিয়োটো প্রটোকলের মেয়াদও ২০১২ সালের পরেও বাড়াতে হবে। সে যাইহোক যুক্তরাষ্ট্র, চীন বা ভারতের মতো দেশগুলো কার্বন নির্গমন কমানোর বাধ্যতামূলক লক্ষ র্নিধারণ করলে কিয়োটো প্রটোকলের মেয়াদ বাড়াতে সম্মত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে জাপান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএম/এএমটি/১৫১৫ ঘ.