কানকুন, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু তহবিল ব্যবস্থাপনার দায়িত্ব থেকে বিশ্বব্যাংককে প্রত্যাহারের দাবিতে মেক্সিকোর কানকুনে বিক্ষোভ হয়েছে।
শুক্রবার কানকুনে নগর কার্যালয়ের সামনে থেকে এ বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয় বিশ্বের নানা দেশের বিভিন্ন সংগঠনের কর্মীরা। জুবিলী সাউথ নামে একটি সংগঠন এর আয়োজন করে। বিক্ষোভে বাংলাদেশের দুটি সংগঠনের দু'জন কর্মীও ছিলেন।
বিক্ষোভকারীরা এ সময় ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে ইংরেজী ও স্প্যানিশ ভাষায় 'জলবায়ু তহবিলে বিশ্বব্যাংককে চাই না' ও 'পৃথিবী ধ্বংস করছে বিশ্বব্যাংক' স্লোগান দিতে থাকে।
বিক্ষোভকারীরা শহরের ব্যস্ত রাস্তা প্রদক্ষিণ শেষে বহুজাতিক কোম্পানি ওয়াল মার্ট এর একটি বিপণি বিতানের সামনে পৌঁছে তাদের কর্মসূচি শেষ করে।
গত ২৯ নভেম্বর কানকুনে ইউনাইটেড ন্যাশন্স ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ (ইউএনএফসিসি) কনফারেন্সেস অব দ্য পার্টিজ সিক্সটিন (কপ সিক্সটিন) শুরু হয়। আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত এ সম্মেলন চলবে।
বিক্ষোভের শুরুতে বক্তব্য রাখেন- এশিয়া থেকে লিডি নাকপিল, লাতিন আমেরিকা থেকে বেভারলী কীন। বাংলাদেশ থেকে সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) এর আব্দুল আউয়াল ও ইকুইটি বিডি'র রেজাউল করিম চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।
বক্তারা জলবায়ু অভিযোজন তহবিলের ব্যবস্থাপনায় বিশ্বব্যাংককে রাখার বিষয়ে উন্নত দেশগুলোর চেষ্টার প্রতি নিন্দা জানান।
বাংলাদেশসহ উন্নয়নশীল দেশের প্রতিনিধিরা বিশ্বব্যাংকের ভূমিকা ও জলবায়ু তহবিল ব্যবস্থাপনার নামে যে কোনো ধরনের ঋণের বিরোধিতা করেন।
এর একদিন আগে সুশীল সমাজের প্রতিনিধিরা এক সংবাদ সম্মেলনে জলবায়ু তহবিল ব্যবস্থাপনায় একটি মুখ্য ভূমিকায় বিশ্বব্যাংককে দায়িত্ব দেওয়ার তীব্র বিরেধিতা করেন।
কানকুনের মুন হোটেলে ইউএনএফসিসি কপ সিক্সটিন সম্মেলনস্থলে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে সুপ্র'র আউয়াল চৌধুরী বলেন, "বিশ্বব্যাংকের ঋণ, ঋণের অর্থায়নে করা প্রকল্প ও নানা শর্তসাপেক্ষ নীতির বিষয়ে আমাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে। জলবায়ু পরিবর্তন তহবিল ব্যবস্থাপনায় এই প্রতিষ্ঠানকে রাখার বিষয়টি আমরা মেনে নিতে পারি না।"
সম্মেলনে বক্তারা বলেন, জলবায়ু ইস্যুতে বিশ্বব্যাংকের ক্রমবর্ধমান কার্যক্রমের বিরোধিতা করে আগামী মাস থেকে বিশ্বজুড়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
ফ্রিডম ফ্রম ডেব্ট কোয়ালিশন, জুবিলী সাউথ, দ্য প্যান আফ্রিকান ক্লাইমেট জাস্টিস অ্যালায়েন্স ও এনজিও ফোরাম অন এডিবি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/জেবি/এমআই/১৬২০ ঘ.
bdnews24