২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কানকুন সম্মেলনের আগেই সরকারের অবস্থান জানানোর দাবি

আসন্ন কানকুন জলবায়ু সম্মেলনে সরকারের অবস্থান কী হবে তা আগেই জানানোর দাবি জানিয়েছে বেসরকারি সংস্থাগুলো (এনজিও)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2010, 04:53 PM

Updated : 25 Aug 2022, 07:36 PM

ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন কানকুন জলবায়ু সম্মেলনে সরকারের অবস্থান কী হবে তা আগেই জানানোর দাবি জানিয়েছে বেসরকারি সংস্থাগুলো (এনজিও)। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে 'ইক্যুইটি অ্যান্ড জাস্টিস অ্যান্ড ওয়ার্কিং গ্র"প' আয়োজিত 'কানকুন জলবায়ু সম্মেলন: প্রেক্ষিত বাংলাদেশ' শীর্ষক গোলটেবিল বেঠকে বক্তারা এ আহ্বান জানায়। নাগরিক সমাজ এবং অধিকার ভিত্তিক সংগঠনের নেটওয়ার্ক ইক্যুইটিবিডি এ সেমিনার আয়োজন করে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা বিষয়ে আগামী ২৯ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত মেক্সিকোর কানকুনে জাতিসংঘের আয়োজনে এ সম্মেলন হবে। সেন্টার ফর গ্লোবাল চেঞ্জের নির্বাহী পরিচালক আহসান উদ্দিন আহমেদ এনজিওগুলোকে অভিযোজন তহবিলের বরাদ্দ নিয়ে মাথা না ঘামানোর আহ্বান জানান। তিনি বলেন, "আমরা ক্ষতিপূরণ চাই না। দায় পূরণ চাই। ক্ষতিগ্রস্ত দেশগুলোর শর্ত আরোপের মধ্য দিয়ে দায়ী দেশগুলোর দায় স্বীকার করতে হবে।" দুর্যোগ মোকাবেলায় গঠিত জলবায়ু ট্রাস্ট ফাণ্ডের অর্থ বরাদ্দে সরকার সর্বোচ্চ স্বচ্ছতার পরিচয় দেবে বলে জানান পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য গিয়াস উদ্দীন আহমেদ। বেসরকারি উন্নয়ন সংস্থা 'ইকুইটি বাংলাদেশে'র জলবায়ু গবেষক সৈয়দ আমিনুল হক জানান, গত বছর ডেনমার্কের কোপেনহেগেনে জলবায়ু সম্মেলন হয়েছে। সম্মেলনে পশ্চিমারা আমাদের মতো দরিদ্র দেশকে অনেক আশার কথা দিলেও এক বছর পরও তাদের কাছ থেকে তেমন কিছুই পাওয়া যায়নি। আলোচনায় সঞ্চালক ছিলেন ইক্যুইটি বিডি'র রেজাউল করিম চৌধুরী। তিনি জানান, জলবায়ু উদ্বাস্তু বিষয়ে আমাদের প্রধানমন্ত্রী ও সরকারি প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে ভিন্নমত রয়েছে। অক্সফাম জিবি'র জিয়াউল হক মুক্তা, বাংলাদেশ কৃষক ফেডারেশনের বদরুল আলম, ইক্যুইটি বিডি'র সদস্য মোস্তফা কামাল আকন্দ, ফারুক আহমেদ, মিসেস সাউদিয়া আনোয়ার (এনসিসিবি) এবং মাহবুবুল আলম (ডব্লিউবিবি ট্রাষ্ট) প্রমুখ আলোচনা অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২২৪৪ ঘ.