২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সর্বসম্মত চুক্তির জন্য আলোচনা চলছে

বিশ্ব জলবায়ু সম্মেলনে একটি সর্বসম্মত চুক্তিতে পৌঁছানোর জন্য আলোচনা এখনো চলছে। কোপেনহেগেন থেকে জানাচ্ছেন মারুফ মল্লিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2009, 11:30 AM

Updated : 26 Aug 2022, 12:30 PM

মারুফ মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এনভায়রমেন্ট করসপনডেন্ট কোপেনহেগেন, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব জলবায়ু সম্মেলনে একটি সর্বসম্মত চুক্তিতে পৌঁছানোর জন্য আলোচনা এখনো চলছে। সম্মেলনের সমাপনী দিনে শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে শুরু হয় প্ল্যানারি সেশন। তিন দফা বিরতি দিয়ে শনিবার স্থানীয় সময় সকাল পৌনে ১০টা পর্যন্ত (বাংলাদেশ সময় বিকাল পৌনে ৪টা) আলোচনা চলছিলো। শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাসহ অন্য দেশের রাষ্ট্রপ্রধানরা বক্তব্য দেন। বিকাল ৫টার দিকে মূল আলোচনায় বিরতি দেওয়া হয়। এ সময় বারাক ওবামা ভারত, চীন, ব্রাজিলসহ বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি ঘোষণা দেন, একটি চুক্তি সম্পাদনের বিষয়ে সমঝোতা হয়েছে। যুক্তরাষ্ট্র, ভারত ও চীনের নেতৃত্বে ২৫টি দেশ দিনভর আলোচনা করে চুক্তির খসড়াটি তৈরি করলেও বারবারই তার ফাঁস হয়ে যায়। শুক্রবার সারাদিনে মোট ৬ বার উপস্থাপনের আগেই প্রকাশ হয়ে যাওয়া ৬টি খসড়ার অনুলিপি পাওয়া গেছে। শুক্রবার স্থানীয় সময় সন্ধা ৬টায় (বাংলাদেশ সময় রাত ১২টা) রাষ্ট্র প্রধানদের আলোচনা শেষে কোপেনহেগেন ঘোষণার সিদ্ধান্ত দেওয়া ও আনুষ্ঠানিক ফটোসেশনের কথা থাকলেও ৫টার দিকে তা বাতিলের কথা জানানো হয়। গভীর রাতে শুরু হওয়া প্ল্যানারি সেশনে প্রথমেই বক্তব্য রাখেন টুভালু প্রতিনিধি। তিনি বলেন, জাতিসংঘকে পাশ কাটিয়ে এ চুক্তি করা হচ্ছে। এরপর কিওটো প্রটোকলের ভবিষ্যত কী হবে, তা নিশ্চিত করা হয়নি। ওই চুক্তিতে তার দেশের পক্ষে স্বাক্ষর করা সম্ভব নয় বলে তিনি জানান। আফ্রিকার দেশগুলোসহ ভেনেজুয়েলা ও বলিভিয়াও ওই খসড়া চুক্তির বিরোধিতা করছে। সুদানের প্রতিনিধি লুমুম্বা ডি আপিং বলেন, "কেউ নয়, ওবামা নয়, এমনি আপনিও (ডেনমার্কের প্রধানমন্ত্রী) আমাদের এ খসড়ায় স্বাক্ষর করতে বাধ্য করতে পারেন না। ১ হাজার কোটি ডলার ঘুষ দিয়ে আমাদের মহাদেশকে ধ্বংস করা হবে।" সম্মেলনে প্রথম থেকেই মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ বলিষ্ঠ ভূমিকা রাখলেও রাতের প্ল্যানারি আলোচনায় তিনি বলেন, "এই খসড়ায় আমার আপত্তির কথা বার বার জানিয়েছি। তবে সার্বিক দিক বিবেচনা করে একটি ঘোষণার জন্য হলেও এ খসড়ায় স্বাক্ষর করা যেতে পারে।" বাংলাদেশের প্রতিনিধি তার বক্তব্যে বলেন, একটি গ্রহণযোগ্য চুক্তিকে উপনীত হওয়ার জন্য আলোচনা চালিয়ে যাওয়া উচিত। এর আগে শুক্রবার সকালে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বলেন, "শুরুতে স্বল্পোন্নত রাষ্ট্রগুলোর পক্ষের অনেক কিছুই খসড়া চুক্তিতে ছিলো না। বাংলাদেশের দাবির মুখে বেশ কিছু শর্ত যুক্ত করা হয়েছে।" বাংলাদেশের একজন প্রতিনিধি জানান, খসড়াটি ২৫ দেশ মিলে তৈরি করলেও পরে যুক্তরাষ্ট্র, চীন, ভারত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকা চূড়ান্ত করে। বার্ষিক তাপমাত্রা বৃদ্ধি দেড় ডিগ্রি সেলসিয়াসের বেশি বাড়তে না দেওয়াসহ বেশ কিছু শর্তে ইউরোপীয় ইউনিয়ন রাজি হয়েছিল। কিন্তু চীনের বিরোধিতার কারণে তা সম্ভব হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমআই/১৪৫০ ঘ.