মারুফ মল্লিক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পরিবেশ বিষয়ক প্রতিবেদক
কোপেনহেগেন, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোপেনহেগেনে জাতিসংঘ জলবায়ু সম্মেলনের আলোচনায় এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যুতে সমঝোতা না হওয়ায় বাংলাদেশ হতাশা ব্যক্ত করেছে।
বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে (বাংলাদেশ সময় গভীর রাতে ) কোপেনহেগেনে এক সংবাদ সম্মেলনে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বলেন, "গত ১০ দিন ধরে সম্মেলনে তীব্র আলোচনা চলছে। আমরা এটা দেখে হতাশ যে এখনো বড়ো ধরনের মতপার্থক্য রয়েই গেছে। আমাদেরকে অবশ্যই বালি অ্যাকশন প্ল্যানের ভিত্তিতে এগুতে হবে। জলবায়ু পরিবর্তন বিষয়ক কনভেনশনের লক্ষ্যকে সমুন্নত রাখতে যে অ্যাকশন প্ল্যানের ব্যাপারে আমরা একমত হয়েছিলাম।"
সময় ফুরিয়ে আসছে। পর্যবেক্ষকরা বলছেন, কোপেনহেগেন সম্মেলন থেকে একটি অর্থবহ চুক্তির সম্ভাবনা ক্ষীণ।
পরিবেশ প্রতিমন্ত্রী বলেন, "আমরা এখনো আশা ছেড়ে দিইনি। অনানুষ্ঠানিক আলোচনা চলছে। বালি অ্যাকশন প্ল্যানের অঙ্গীকারের প্রতি আমরা আরও মনোযোগ দিলেই এসব মতপার্থক্য দূর হবে বলে আমরা মনে করি।"
হাছান মাহমুদ আরও বলেন, "আমাদেরকে গ্রিন হাউস গ্যাসের মোট নির্গমন অবশ্যই কমাতে হবে এবং গড় তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রী সেলসিয়াসে সীমিত রাখতে হবে। ২০২০ সাল নাগাদ গ্রিন হাউস গ্যাসের মোট নিঃসরণ ৪৫ শতাংশ কমাতে হবে। আমরা খুব উচ্চ আশা নিয়ে এখানে এসেছি। সাফল্য ছাড়া আমাদের কোনো বিকল্প নেই।"
তিনি ২০১০ সাল নাগাদ বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসের ঘনত্ব ৩৫০ পিপিএম-এ সীমিত রাখারও দাবি জানান।
সম্মেলনের আয়োজক দেশ ডেনমার্ক বৃহস্পতিবার আলোচনায় অচলবস্থা নিরসনে নতুন একটি বিতর্কিত খসড়া বিষয়বস্তু প্রস্তাবের পরিকল্পনা বাতিল করার পর মন্ত্রীরা কাজ করে যাওয়ার আহ্বান জানান।
এদিকে এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেন, "উন্নয়নশীল দেশগুলোকে জলবায়ু পরিবর্তন মোকাবেলার লড়াইয়ে সহায়তা করতে অন্যান্য দেশের সঙ্গে একযোগে ২০২০ সাল নাগাদ বছরে ১০ হাজার কোটি ডলার সাহায্য দেওয়ার জন্য কাজ করে যেতে যুক্তরাষ্ট্র প্রস্তুত।"
উন্নয়নশীল দেশগুলো জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অন্ততপক্ষে ১০ হাজার কোটি ডলার সাহয্যের দাবি জানিয়ে আসছিল। বুধবার আফ্রিকান দেশগুলোর গ্র"পের প্রধান ইথিওপিয়ার প্রধানমন্ত্রী মেলেস জেনাওয়ি ১০ হাজার কোটি ডলার তহবিল সরবরাহের পক্ষে মত দেন।
ইউরোপীয় ইউনিয়ন বিশ্বে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ১৫ হাজার কোটি ডলার তহবিল সরবরাহের প্রস্তাব করেছে।
বৃহস্পতিবারই এর আগে গ্রিন হাউস গ্যাস নির্গমন কমানোর পদক্ষেপ নিয়ে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর বনিবনা না হওয়ায় সম্মেলনে জোরদার কোনও জলবায়ু চুক্তির সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়ে।
মন্ত্রীরা বিশ্ব নেতাদের সইয়ের জন্য একটি সর্বসম্মত বিষয়বস্তুতে উপনীত হওয়ার জন্য লড়ে যাচ্ছেন। কারণ কার্বন নির্গমন হ্রাসে শিল্পোন্নত দেশগুলোর সঙ্গে উন্নয়নশীল দেশগুলোর যোগ দেওয়ার মাত্রা নিয়ে বিরোধ নিষ্পত্তি হয়নি।
আগ্রগতি ত্বরান্বিত করতে আলোচনা ছোট ছোট দলে ভাগ করে দেওয়ার ডেনিশ প্রস্তাব চীন ও দরিদ্র দেশগুলোর বিরেধিতার কারণে ভেস্তে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এএনএস/এইচএ/০০৫৭ ঘ.
bdnews24