২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশকে সহায়তার আশ্বাস চীনের

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিয়েছে চীন। কোপেনহেগেন থেকে বিস্তারিত জানাচ্ছেন মারুফ মল্লিক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2009, 04:48 PM

Updated : 26 Aug 2022, 12:30 PM

মারুফ মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পরিবেশ বিষয়ক প্রতিবেদক কোপেনহেগেন, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকবে চীন। বৃহস্পতিবার কোপেনহেগেনের রেডিসন ব্লু রয়েল স্কানাভিয়া হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে আয়োজিত এক মধ্যাহ্নভোজে চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়া বাও বাংলাদেশকে সহায়তার এ আশ্বাস দেন। (আরো আসছে) চীনা প্রধানমন্ত্রী ভোজসভায় আসার জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন, "শুধু আর্থিক নয়, জলবায়ু পরিবর্তন জনিত ঝুকি মোকাবেলার কৌশল নির্ধারণ এবং কারিগরি সহায়তা দেওয়া হবে বাংলাদেশকে। যারা এই ঝুঁকির মুখে রয়েছে তাদের প্রতি দয়া নয়, তাদের রক্ষা করা আমাদের কর্তব্য। মালদ্বীপ, ইথিওপিয়া, সুদান এবং গ্রানাডার সরকার ও রাষ্ট্রপ্রধানরা এ ভোজসভায় যোগ দেন। এতে এশিয়ার স্বল্পোন্নত দেশগুলোর জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবেলার প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, গত ২৯ ডিসেম্বরের নির্বাচনে ক্ষমতায় আসার পর থেকে বর্তমান সরকার জনগণের কল্যানে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। তিনি বলেন, "বাংলাদেশের বাইরে গোটা এশিয়ায় বিশেষ করে এ অঞ্চলের স্বল্পোন্নত দেশগুলোর সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন কীভাবে করা যায় তার উপায় বের করতে যৌথভাবে কাজ করার উদ্যোগ নিয়েছি। কারণ, এ অঞ্চলের অসহায় মানুষগুলোর ন্যূনতম নাগরিক সুবিধা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। "কিন্তু বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে এ সব পরিকল্পনা ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে। কোনও কাজেই আমরা এখন আর মনযোগী হতে পারছি না। ভয়াবহ বিপর্যয় চারদিক থেকে ছুটে আসছে। বিশেষ করে দরিদ্র শ্রেণীর মানুষের উপর, যাদের এ ক্ষতি মোকাবেলার শক্তি নেই।" শেখ হাসিনা বলেন, "এ অসহায় মানুষগুলো জানেও না কেন তারা ক্ষতির শিকার হচ্ছে।" বাংলাদেশের ভৌগলিক অবস্থান তুলে ধরে প্রধানন্ত্রী বলেন, "ছোট একটি ভূখণ্ডে ১৫ কোটির বেশি মানুষের বাস। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে আমাদের কোনো ভূমিকা নেই। আমরা এর জন্য দায়ী নই। কিন্তু ক্ষতির শিকার হতে হচ্ছে আমাদের।" প্রধানমন্ত্রী উন্নত বিশ্বের পাশাপাশি এশিয়ার ধনী দেশগুলোকে এসব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এইচএ/২২৪০ ঘ.