কোপেনহেগেন, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কোপেনহেগেন জলবায়ু সম্মেলন শেষ পর্যায়ে এসে ব্যর্থ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সম্মেলনের আয়োজক দেশ ডেনমার্ক বৃহস্পতিবার আলোচনায় অচলবস্থা নিরসনে নতুন একটি খসড়া বিষয়বস্তু প্রস্তাব করার পরিকল্পনা বাতিল করেছে।
উন্নয়নশীল দেশগুলোর বিরোধিতার মুখে ডেনমার্ক নতুন প্রস্তাব পেশের পরিকল্পনা বাদ দেয়।
ডেনমার্কের প্রধানমন্ত্রী লার্স লোক্কে রাসমুসেন বলেন, ১৯৩ জাতির এ বৈঠকে আলোচকদের বৈঠকে পেশ করা বিদ্যমান জাতিসংঘ টেক্সটিই বিবেচনা করতে হবে। এতে বিশ্ব ঊষ্ণায়ন মোকাবেলায় মূল উপাদানগুলোর রূপরেখা দেওয়া আছে। এই টেক্সটি বুধবার পেশ করা হয়।
রাসমুসেন বলেন, অন্য কোনও টেক্সট বা বিষয়বস্তু পেশ করা হবে না। কারণ উন্নয়নশীল দেশগুলো ডেনমার্কের কাছ থেকে নতুন কোনও টেক্সট পেশের সম্ভাবনা নিয়ে আপত্তি জানিয়েছে।
ডেনমার্কের কাছ থেকে নতুন প্রস্তাবে বিরোধিতার পাশাপাশি গ্রিনহাউজ গ্যাস নির্গমন কমানোর পদক্ষেপ নিয়ে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর বনিবনা না হওয়ায় সম্মেলনে জোরাল কোনও জলবায়ু চুক্তির সম্ভাবনাও ক্ষীণ হয়ে পড়েছে।
গ্রিনহাউজ গ্যাস নির্গমন কমানো ও দরিদ্র দেশগুলোর জন্য তহবিল গঠন নিয়ে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মতানৈক্যের ফলে আলোচনা স্তিমিত হয়ে গেছে।
মন্ত্রীরা বিশ্ব নেতাদের সইয়ের জন্য একটি সর্বসম্মত বিষয়বস্তুতে উপনীত হওয়ার জন্য লড়ে যাচ্ছেন। কারণ এ পর্যন্ত তারা কার্বন নির্গমন হ্রাসে শিল্পোন্নত দেশগুলোর সঙ্গে উন্নয়নশীল দেশগুলোর যোগ দেওয়ার মাত্রা নিয়ে বিরোধ নিষ্পত্তি করতে ব্যর্থ হয়েছে।
আগ্রগতি ত্বরান্বিত করতে আলোচনা ছোট ছোট দলে ভাগ করে দেওয়ার ডেনিশ প্রস্তাব চীন ও দরিদ্র দেশগুলোর বিরেধিতার কারণে ভেস্তে গেছে। আলোচনা কিভাবে করা হবে তা নিয়ে রাতভর কোনও অগ্রগতি হয়নি বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র।
ধনী ও দরিদ্র দেশগুলো একে অপরকে দোষারোপ করছে।
জার্মানির পরিবেশমন্ত্রী নোর্বার্ত রোয়েটেন রয়টার্সকে বলেন, "আমরা মারাত্মক পরিস্থিতিতে পড়েছি।" ইউরোপের পরিবেশ মন্ত্রীরা বলেছেন, "আলোচনা বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে।"
তবে সম্মেলনের সামগ্রিক চিত্র ম্রিয়মান হলেও জলবায়ু চুক্তির জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি ক্ষেত্রে অগ্রগতি হয়েছে।
আফ্রিকা নাটকীয়ভাবে ধনী দেশগুলোর কাছ থেকে জলবায়ু পরিবর্তর মোকাবেলায় সহায়তা পাওয়ার ব্যাপারে অতি উচ্চাশা বাদ দিয়েছে।
অন্যদিকে, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় উন্নয়শীল দেশগুলোকে প্রায় ১১ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্র"তি দিয়েছে জাপান। আগামী ২০১২ সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোকে এ সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ মন্ত্রী সাকিহিতো ওজাওয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৫৯ ঘ.
bdnews24