মারুফ মল্লিক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পরিবেশ বিষয়ক প্রতিবেদক
কোপেনহেগেন, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনের প্রভাবে সংশ্লিষ্ট দেশগুলোর ঝুঁকির মাত্রা, ঝুঁকির মুখে থাকা জনসংখ্যা ও অভিযোজনের জন্য গৃহীত পদক্ষেপ বিবেচনায় নিয়ে তাদের জন্য অভিযোজন তহবিল বরাদ্দের আহ্বান জানিয়েছেন।
এ অভিযোজন তহবিল ধনী দেশগুলোর জিডিপির অন্তত ১.৫ শতাংশ হওয়ার প্রস্তাব করে তিনি বলেন, তা হতে হবে উন্নত দেশগুলোর বৈদেশিক উন্নয়ন সহায়তার অতিরিক্ত।
বাংলাদেশ সময় বুধবার রাতে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের বেলা সেন্টারে জাতিসংঘ জলবায়ু সম্মেলনে দেওয়া ভাষণে শেখ হাসিনা এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু অভিযোজনের পুরো ব্যয় নির্বাহে বাংলাদেশসহ সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি তাদের জন্য সহজপ্রাপ্য পর্যাপ্ত তহবিলের ব্যবস্থা করতে হবে।
তিনি ধনী দেশগুলোর উদ্দেশে বলেন, "তাদেরকে সুলভ মূল্যে বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও স্বল্পোন্নত দেশগুলোকে পরিবেশ-বান্ধব প্রযুক্তির যোগান দিতে হবে। এ বিষয়টিকে অবশ্যই বুদ্ধিবৃত্তিক সম্পদের স্বত্ত্বাধিকারের বাইরে রাখতে হবে।"
শেখ হাসিনা অভিযোজনের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ (ইউএনএফসিসিসি) এর আওতায় অভিযোজন, গবেষণা ও প্রশিক্ষণের জন্য একটি আন্তর্জাতিক কেন্দ্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন।
প্রধানমন্ত্রী দেশে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কথা তুলে ধরে বলেন, "বাংলাদেশে জলবায়ু শরণার্থীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও বিশ্ব উষ্ণায়নের ফলে দেশের মৎস্য সম্পদের ক্ষতি হচ্ছে এবং জেলেদের জীবন বিপন্ন হয়ে পড়েছে। প্রাকৃতিক দুর্যোগ, নদীভাঙন ও লবণাক্ততার কারণে বহু পরিবার উদ্বাস্তু হচ্ছে।
"এসব উদ্বাস্তু মানুষ শহরে গিয়ে আশ্রয় নেওয়ায় নানা ধরনের সামাজিক বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। উন্নয়নের জন্য বরাদ্দ অর্থ তাদের পুনর্বাসনে ব্যয় করায় বাংলাদেশের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জন ব্যাহত হচ্ছে। তাই বিশ্বব্যাপী জলবায়ু শরণার্থীদের পুনর্বাসন নিশ্চিতে ইউএনএফসিসিসি প্রটোকলের আওতায় একটি নতুন আইনি ব্যবস্থা অবলম্বন অপরিহার্য।"
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশের জিডিপির একটি উল্লেখযোগ্য অংশ ব্যয় হচ্ছে বলে তিনি জানান।
শেখ হাসিনা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় সব দেশকে অবশ্যই বালি অ্যাকশন প্ল্যান অনুযায়ী অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। গ্রিন হাউস গ্যাসের নির্গমন কমানোর ব্যাপারে ধনী দেশগুলোকে একটি আইনি বাধ্যবাধকতা সম্বলিত অঙ্গীকার করতে হবে। বস্তুত তাদেরকে ২০২০ সাল নাগাদ অবশ্যই গ্রিন হাউস গ্যাস নির্গমন ১৯৯০ সালের মাত্রা থেকে ৪৫ শতাংশ কমাতে হবে, ২১০০ সাল নাগাদ বাতাসে গ্রিন হাউস গ্যাসের ঘনত্ব কমিয়ে ৩৫০ পিপিএএম-এ নামিয়ে আনতে হবে। এছাড়া বৈশ্বিক তাপমাত্রা দেড় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এইচএ/০১৪৫ ঘ.
bdnews24