মারুফ মল্লিক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পরিবেশ বিষয়ক প্রতিবেদক
কোপেনহেগেন, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশসহ সবচেয়ে ঝুঁকির মুখে থাকা দেশগুলোকে রক্ষায় গ্রিন হাউস গ্যাসের নির্গমন হ্রাস এবং অভিযোজন তহবিলের ব্যাপারে একটি আন্তর্জাতিক চুক্তিতে পৌঁছতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় কোপেনহেগেনের হোটেল রেডিসনে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠককালে এ আহ্বান জানান শেখ হাসিনা।
হাসিনা বলেন, "বিশ্ব নেতারা এখন কোপেনহেগেনে। আমি আশা করছি, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্তদের রক্ষায় তারা একটি সমঝোতায় উপনীত হবেন। জলবায়ু পরিবর্তনের প্রভাব ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে এবং এর দায়ভার সবাইকে ভাগাভাগি করে নিতে হবে।"
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, বৈঠকে হাসিনা ও ব্রাউন একমত হন যে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সবচেয়ে ঝুঁকির মুখে থাকা দেশগুলোর জন্য একটি অভিযোজন তহবিল গঠন অপরিহার্য।
সেইসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করতে গিয়ে উন্নয়নশীল দেশগুলোতে উন্নয়ন কর্মকাণ্ডের গতি যেন মন্থর না হয়ে পড়ে তা নিশ্চিত করতে হবে।
জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকির মুখে থাকা দেশগুলোর জন্য একটি অভিযোজন তহবিল গঠনের উদ্যোগ নেওয়ার জন্য তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
এর জবাবে গর্ডন ব্রাউন জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেওয়ার ব্যাপারে আবারো হাসিনাকে আশ্বাস দেন।
প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় তার সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে ব্রাউনকে অবহিত করেন।
এ সম্পর্কে হাসিনা বলেন, অপ্রত্যাশিত বন্যা ও জলোচ্ছ্বাস থেকে মানুষকে বাঁচাতে দেশের নদ-নদীগুলোতে ড্রেজিংয়ের জন্য বিশাল প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এছাড়া ঘূর্ণিঝড় সিডর ও আইলায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।
কিন্তু বাংলাদেশের উপর বৈশ্বিক উষ্ণায়নের বিরূপ প্রভাব মোকাবেলায় এসব পদক্ষেপ পর্যাপ্ত নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী এ ব্যাপারে আন্তর্জাতিক সাহায্য কামনা করে বলেন, "বাংলাদেশ ও এর জনগণ জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী নয়। কিন্তু এদেশের মানুষই সবচেয়ে বেশী প্রকৃতিক দুর্যোগের শিকার হচ্ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এইচএ/২২৩২ ঘ.
bdnews24