মারুফ মল্লিক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পরিবেশ বিষয়ক প্রতিবেদক
কোপেনহেগেন, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘ জলবায়ু সম্মেলন সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন ডেনিস মন্ত্রী কোনি হেডেগার্ড। তার স্থলাভিষিক্ত হয়েছেন ডেনিস প্রধানমন্ত্রী লার্স লক্কে রাসমুসেন।
বিশ্বনেতারা সম্ভাব্য একটি চুক্তিতে পৌঁছার ঠিক একদিন আগে সম্মেলন সভাপতির পদ থেকে বিদায় নিলেন হেডেগার্ড।
কোপেনহেগেন সম্মেলনে আলোচনায় ধনী দেশগুলোকে কথিত আনুকূল্য প্রদানের জন্য আফ্রিকান রাষ্ট্রগুলোর সমালোচনার মুখোমুখি হন তিনি।
রক্ষণশীল হেডেগার্ড ২০০৪ সালে ডেনমার্কের জলবায়ু বিষয়ক মন্ত্রী নিযুক্ত হন।
পদত্যাগের বিষয়ে হেডেগার্ড বলেন, "এ সম্মেলনে এতো বেশী সংখ্যক দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা অংশ নিচ্ছেন যে ডেনমার্কের প্রধানমন্ত্রীরই সভাপতিত্ব করা সমীচীন হবে।"
এদিকে ডেনিস প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সভাপতির দায়িত্ব ছাড়লেও প্রধানমন্ত্রীর বিশেষ প্রতিনিধি হিসেবে হেডেগার্ড এ আলোচনায় থাকবেন।
১৮ ডিসেম্বর সম্মেলনের শেষ দিনে সম্মেলনের ঘোষণাপত্র উপস্থাপন করার কথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/বিডি/এএল/এইচএ/২০৪৮ ঘ.
bdnews24