কোপেনহেগেন, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্ব নেতাদের নতুন জলবায়ু চুক্তিতে পৌঁছার বিষয়টি অনেকটা স্কুলের শিশুদের জোর করে 'বাড়ির কাজ' করানো কিংবা ঘোড়াকে পানি খাওয়ানোর মতো একটি কঠিন বিষয়ে পরিণত হয়েছে।
জাতিসংঘ জলবায়ু সম্মেলনের আয়োজকরা মঙ্গলবার এ মন্তব্য করেছেন।
সম্মেলনের সভাপতি ডেনিস জ্বালানি ও জলবায়ু মন্ত্রী কোনি হেডেগার্ড বলেন, "এটি স্কুলের শিশুদের মতো একটি বিষয়ে পরিণত হয়েছে।"
১৯২টি দেশের মধ্যে দুই বছরের আলোচনার পর একটি সর্বসম্মত জলবায়ু চুক্তিতে উপনীত হওয়ার প্রচেষ্টার বিষয়ে তিনি এ সরস মন্তব্য করেন।
বিশ্ব উষ্ণায়ন রোধে শুক্রবার একটি সম্ভাব্য চুক্তিতে পৌঁছার আভাস দিয়ে হেডেগার্ড বলেন, "স্কুলের শিশুদের যদি তাদের বাড়ির কাজ করতে দীর্ঘ সময়সীমা বেধে দেওয়া হয় সেক্ষেত্রে তারা তো সেই কাজটি সম্পন্ন করতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেই ... এ বিষয়টি ঠিক অনেকটা এরকম।"
জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সচিবালয়ের প্রধান ইভো ডি বোয়ার বলেন, "ইংরেজিতে একটি প্রবাদ আছে- আপনি একটি ঘোড়াকে পানির কাছে নিয়ে যেতে পারেন, কিন্তু তাকে পানি পান করাতে পারেন না।"
তিনি আরো বলেন, "হেডেগার্ড সেই ২০০৭ সালে বালি সম্মেলনের সময় থেকেই ১৯২টি ঘোড়াকে পানির কাছে নিয়ে যাওয়ার কাজটি করছেন।"
সম্মেলনের সমাপনী দিনে শুক্রবার ১১০টিরও বেশি দেশের নেতারা একটি সর্বসম্মত জলবায়ু চুক্তিতে উপনীত হওয়ার চেষ্টা করবেন।
গ্রিন হাউস গ্যাসের নির্গমন হ্রাস, উন্নয়নশীল দেশগুলোকে সাহায্যের জন্য কী পরিমাণ তহবিল বরাদ্দ দেওয়া প্রয়োজন এবং দরিদ্র দেশগুলোকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কী পদক্ষেপ নেওয়া উচিত- সেসব বিষয়ে এখনো মতপার্থক্য রয়েই গেছে। এ পর্যন্ত সম্মেলনে সামান্যই অগ্রগতি অর্জিত হয়েছে।
"এ বিষয়টি এতো জটিল কেন?.... পাঁচ বছর আগে যখন আমি প্রথম জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যোগ দিই তখন থেকে নিজেকেও এ প্রশ্নটি করেছি আমি" বলেন হেডেগার্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এইচএ/০১০০ ঘ.
bdnews24