মারুফ মল্লিক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এনভায়রনমেন্ট করসপনডেন্ট
কোপেনহেগেন, ডিসেম্বর ১৪ (বিডনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তন বিষয়ক বাংলাদেশ ও যুক্তরাজ্যের সর্বদলীয় সংসদীয় গ্রুপ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় পঞ্চম স্তম্ভ হিসেবে 'জলবায়ু শরণার্থী' ইস্যুকে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছে।
সোমবার কোপেনহেগেনের বেলা সেন্টারে এ দুই দেশের সংসদীয় গ্রুপ একটি যৌথ রিপোর্ট প্রকাশ করে এ দাবি জানায়।
জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিষয়ক সর্বদলীয় সংসদীয় গ্রুপের চেয়ারম্যান সাবের হোসেন চৌধুরী এক সংবাদ সম্মেলনে বলেন, "আমি তাদের বলব জলবায়ু শরণার্থী। কারণ তাদের বাস্তুচ্যুত করতে বাধ্য করা হয়েছে। তারা তাদের নিজের পরিবেশ থেকে উদ্বাস্তু হয়েছে।"
তিনি বলেন, এটি একটি বড় ইস্যু। তারা কোথায় যাবে? বাংলাদেশ একটি জনবহুল দেশ।
সাবের চৌধুরী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় আমাদের রয়েছে চারটি স্তম্ভ- গ্রিন হাউজ গ্যাসের নির্গমন হ্রাস, অভিযোজন, প্রযুক্তি এবং তহবিল।
'জলবায়ু উদ্বাস্তু' ইস্যুটিকে পঞ্চম স্তম্ভ হিসেবে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছি আমরা।
রিপোর্টে উভয় সংসদীয় গ্রুপ এই ইস্যুটিকে যেভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে তাতে কিছুটা হতাশা প্রকাশ করেছে।
এ প্রসঙ্গে রিপোর্টে বলা হয়, "এ ইস্যুতে বৈশ্বিক পদক্ষেপের বিষয়ে স্পষ্টতার ঘাটতিতে আমরা হতাশ। আমরা বিশ্বাস করি যে এই স্পষ্টতার ঘাটতি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার দায় ভাগাভাগির উদ্দেশ্যের বিষয়টি জলবায়ু সম্মলনের আলোচনায় সাফল্যের পথে বড় বাধাস্বরূপ। যৌথ রিপোর্টে আমরা এটা দেখাতে চাইছি যে, এই দুই দেশের পার্লামেন্টারিয়ানরা দায়ভার ভাগাভাগি নিয়ে বিরোধ নিষ্পত্তিতে সাহায্য করতে পারে।
"বাংলাদেশ সম্পর্কে প্রায়শ বলা হয় যে এ দেশটি জলবায়ু পরিবর্তনে ক্ষতির শিকার দেশগুলোর মধ্যে সামনের সারিতে রয়েছে। আর যুক্তরাজ্য সেই শিল্প বিপ্লবের সময় থেকে বৈশ্বিক উষ্ণায়নে একটি বড় ভূমিকা রেখে আসছে।"
যুক্তরাজ্যের জলবায়ু পরিবর্তন বিষয়ক সর্বদলীয় সংসদীয় গ্র"পের চেয়ারম্যান কলিন চ্যালেন বলেন, "আমরা বিশ্বাস করি, দুই দেশের পার্লামেন্টারিয়ান হিসেবে আমরা যদি এই মতপার্থক্যের মধ্যে একটি সেতুবন্ধন রচনা এবং পারস্পরিক দায়ভার ও চ্যালেঞ্জের ব্যাপারে একটি অভিন্ন সমঝোতার উপায় বের করতে পারি- তাহলে আমরা উন্নত ও উন্নয়নশীল বিশ্বের জন্য একটি মডেল প্রস্তাব করতে পারব।"
ওই রিপোর্টে আরো বলা হয়, জলবায়ু পরিবর্তন বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের মৌলিক মানবাধিকারের ওপর বিরূপ প্রভাব ফেলেছে। এবং এই ইস্যুটি নিয়ে পর্যাপ্ত আলোচনা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/ডিডি/এইচএ/০১০৯ ঘ.
bdnews24