ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যোগ দিতে সোমবার রাতে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে রাত ১০টা ৪৫ মিনিটে শেখ হাসিনা ঢাকা থেকে রওনা হয়েছেন। প্রধানমন্ত্রী দুবাই হয়ে কোপেনহেগেন পৌঁছাবেন।
প্রধানমন্ত্রী ১৬ ডিসেম্বর কোপ ১৫ এবং কিয়োটো সম্মেলনের (সিএসপি) প্রতিনিধিদের যৌথ সম্মেলনে যোগ দেবেন।
১৭ ডিসেম্বর 'ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ'র নির্বাহী সচিব আয়োজিত মধ্যাহ্নভোজ ও ডেনমার্কের রাণীর নৈশভোজে প্রধানমন্ত্রী যোগ দেবেন। পরদিন কোপেনহেগেন সম্মেলনের চূড়ান্ত পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সম্মেলন শেষে সিদ্ধান্ত গ্রহণের বৈঠকেও শেখ হাসিনা যোগ দেবেন।
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলে রয়েছেন।
সম্মেলনে যোগ দিতে ইতোমধ্যেই বাংলাদেশের একটি প্রতিনিধিদল কোপেনহেগেনে রয়েছে।
২১ ডিসেম্বর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/২৩৪৯ ঘ.
bdnews24