মারুফ মল্লিক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এনভায়রনমেন্ট করসপনডেন্ট
কোপেনহেগেন, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি জনবান্ধব জলবায়ু চুক্তি সম্পাদনের দাবিতে সোমবার তৃতীয় দিনের মতো ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে প্রতিবাদ-বিক্ষোভ হয়।
পুলিশ ১০ জনকে গ্রেপ্তার করেছে বলে বিক্ষোভকারীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
এদিন বিক্ষোভকারীরা রেলপথ অবরোধ করে। আগের দিনের মতো পথে পথে খন্ড খন্ড মিছিল করে তারা। প্রতিবাদকারীদের হাতে ছিল বিভিন্ন দাবী সম্বলিত ব্যানার-প্ল্যাকার্ড।
এর আগে রোববার কোপেনহেগেনের বন্দর অবরোধ করে বিক্ষোভকারীরা।
নরওয়ে থেকে আসা বিক্ষোভকারী প্রবাসী বাংলাদেশী খোরশেদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একটি জনবান্ধব চুক্তির দাবীতে আমরা এখানে এসেছি। কার্বন নিঃসরণ নিয়ে রশি টানাটানি আমরা চাইনা। আমাদের দাবী- সম্মেলনে বিশ্ব নেতৃবৃন্দ এমন একটি চুক্তিতে উপনীত হবেন যাতে আমাদের সবারই স্বার্থ রক্ষা হয়। পৃথিবীকে রক্ষা করা যায়।"
"আমরা দ্রুত কার্বণ নিঃসরণ হ্রাসের দাবি জানাচ্ছি। বর্তমান পরিস্থিতির জন্য ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য উন্নত দেশই দায়ী" বলেন তিনি।
শনিবার থেকেই বিশ্বের ৬৭টি দেশ থেকে আসা প্রায় লাখখানেক প্রতিবাদকারী কোপেনহেগেনে বিক্ষোভ শুরু করে।
সা
bdnews24