২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইইউ'র প্রতিশ্রুত অর্থ যথেষ্ট নয়: বাংলাদেশ

অভিযোজন তহবিলে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রতিশ্রুত অর্থ যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদ। কোপেনহেগেন থেকে জানাচ্ছেন মারুফ মল্লিক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2009, 05:44 PM

Updated : 26 Aug 2022, 12:28 PM

মারুফ মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, পরিবেশ প্রতিবেদক কোপেনহেগেন, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অভিযোজন তহবিলে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রতিশ্রুত অর্থ যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদ। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের বেলা সেন্টারে শনিবার জাতিসংঘ আয়োজিত জলবায়ু সম্মেলনের ষষ্ঠ দিনে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। হাছান মাহমুদ বলেন, "ইইউ ১০ বিলিয়ন ডলার বরাদ্দের অঙ্গীকার করেছে, কিন্তু তা বৈদেশিক উন্নয়ন সহায়তার অংশ বা আলাদা সরাসরি সহায়তা কিনা তা পরিস্কার করেনি।" তিনি বলেন "অভিযোজন তহবিলের জন্য আমরা অ্যানেক্স-১ (উন্নত) দেশগুলোর জিডিপির ১.৫ শতাংশ বরাদ্দের বিষয়ে আলোচনা করছি। আর আমরা এটা করতে সমর্থ হলে তা ৪০০ থেকে ৬০০ বিলিয়ন ডলারের তহবিল তৈরি করবে। "কিন্তু ইইউ এর প্রস্তাব ৪০০ থেকে ৬০০ বিলিয়ন ডলারের অভিযোজন তহবিল তৈরির জন্য জন্য যথেষ্ট নয় বলে আমরা মনে করছি। "আমরা শেষ মুহূর্ত পর্যন্ত দাবির বিষয়ে অটল থাকবো। স্থানীয় এবং আন্তর্জাতিক পর্যায় থেকে অনিচ্ছুক দেশগুলোর প্রতি বিশাল চাপ রয়েছে," বলেন বাংলাদেশের পরিবেশ প্রতিমন্ত্রী। তিনি আরও বলেন, "অভিযোজনের জন্য একটি পৃথক তহবিল তৈরি হওয়া উচিত। এবং তা হওয়া উচিত বর্তমান বৈদেশিক উন্নয়ন সহায়তার (ওডিএ) অতিরিক্ত। আইএমএফ ও বিশ্ব ব্যাংকের মতো বর্তমান আর্থিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে এ তহবিল পরিচালিত হবে না।" মন্ত্রী বলেন, এজন্য নতুন পৃথক প্রতিষ্ঠান গড়তে হবে এবং তার অভিগম্যতা ও স্বচ্ছতা আরো বেশি হতে হবে। তিনি বলেন, "স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) জন্য এ তহবিলের ৭০ শতাংশ বরাদ্দ করতে হবে। সারা বিশ্বে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত মোট মানুষের সংখ্যা এক বিলিয়নের (একশ' কোটি) ওপর। বাংলাদেশের ক্ষেত্রে তা মোট জনসংখ্যার ১৫ শতাংশ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে তারা সঙ্কটাপন্ন অবস্থায় রয়েছেন। এ কারণে অবশ্যই অভিযোজন তহবিলের ১৫ শতাংশ বাংলাদেশকে দিতে হবে। এটাই আমাদের দাবি।" বাংলাদেশের মোট ক্ষতিগ্রস্থ মানুষের সংখ্যা ঝুঁকিতে থাকা সবগুলো ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রের ক্ষতিগ্রস্ত মানুষের চেয়ে অনেক বেশি বলে মন্তব্য করেন বাংলাদেশের পরিবেশ প্রতিমন্ত্রী। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোকে নিয়ে বাংলাদেশের একটি নতুন জোট গঠনের পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে হাছান মাহমুদ বলেন, "অন্য দেশগুলোর সঙ্গে আমরা ইতিমধ্যে যোগাযোগ করেছি। মোট ২০ টি দেশকে নতুন এ জোটের আওতায় আনা হবে।" তিনি বলেন, জি-৭৭ বা এলডিসি জাতিসংঘ স্বীকৃত। আমরা ঠিক একই রকমের কিছু করার চেষ্টা করছি যা হবে জাতিসংঘ স্বীকৃত। সম্ভাব্য নতুন এ জোট গঠনের যৌক্তিকতা তুলে ধরে ড. হাছান বলেন, "জি-৭৭, এওএসআইএস বা এলডিসিভূক্ত সব দেশই ক্ষতিগ্রস্ত নয়। এ কারণেই আলোচনায় ভালো ফলাফল পেতে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে নিয়ে একটি নতুন জোট গঠন জরুরি। এমনকি ফাঁস হয়ে যাওয়া ডেনিশ প্রস্তাবেও কাউকে তুলনামূলক বেশি সুবিধা দেওয়ার এ বিষয়টির উল্লেখ ছিল বলে জানান হাছান মাহমুদ। বাংলাদেশের উদ্যোগে আলোচনা এর আগে সম্মেলনের পাশাপাশি বাংলাদেশের আয়োজনে 'বাংলাদেশ: জলবায়ু পরিবর্তনের শিকার' শীর্ষক এক উন্মুক্ত আলোচনা হয়। এতে ড. আইনুন নিশাত তার এক প্রবন্ধে বলেন, বাংলাদেশের বার্ষিক সর্বোচ্চ ও সর্বনিু তাপমাত্রা বেড়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের খাদ্য ও কৃষি উৎপাদন, পানি ব্যবস্থাপনা এবং জ্বালানি শিল্পসহ স্বাস্থ্য ও অবকাঠামো খাত ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এএনএস/এসকে/০১১৯ঘ.