ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তন বিষয়ে বাংলাদেশের অবস্থানের প্রতি সর্বাত্মক সমর্থনের আশ্বাস দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন।
শনিবার দুপুরে টেলিফোনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ব্রাউন এ সমর্থন জানান।
'যমুনা'-র একটি উর্ধতন সূত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছে, শনিবার দুপুর সোয়া তিনটার দিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার এ বাসভবনে টেলিফোন করেন।
এদিকে, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, টেলিফোনে ব্রাউন জলবায়ু তহবিল গঠনের উদ্যোগের বিষয়টি শেখ হাসিনাকে অবহিত করেছেন। জবাবে প্রধানমন্ত্রী তাকে ধন্যবাদ জানান।
ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের দু'দিনব্যাপী বৈঠকে আলোচনা এবং দরকষাকষির পর এ তহবিল গঠনে ঐকমত্য হয়।
যমুনা'র ওই সূত্র আরো জানিয়েছে, আলাপে গর্ডন ব্রাউন কোপেনহেগেনে জলবায়ু সম্মেলনের পাশাপাশি শেখ হাসিনার সঙ্গে আলোচনারও ইচ্ছা প্রকাশ করেছেন।
বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য আন্তর্জাতিক তহবিল গঠনে ব্রিটেন একমাত্র দেশ যেটি ইতোমধ্যে বাংলাদেশকে ৭৫ মিলিয়ন পাউন্ড অর্থ সহায়তা দিয়েছে। এছাড়া দেশটির আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ডিএফআইডি জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কর্ম কৌশল তৈরিতে বাংলাদেশকে সহায়তা দিয়ে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিএম/এএল/এসকে/২২১৯ঘ.
bdnews24