২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'দুর্যোগে টিকে থাকার পথ দেখাতে হবে'

সাতক্ষীরার আইলা দুর্গতদের চিত্র তুলে ধরে শনিবার ঢাকায় এক বৈঠকে বলা হয়েছে, দুর্যোগের ভীতি না ছড়িয়ে তা মোকাবেলা করে তাদের টিকে থাকার পথ দেখাতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2009, 11:25 AM

Updated : 26 Aug 2022, 12:28 PM

ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার শ্যামপুর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের বিস্তীর্ণ বাঁধ। ঘূর্ণিঝড় 'আইলা'য় আক্রান্তের পর সাত মাস ধরে মধ্যবয়সী তাহমিনা আছেন এখানে। খাবার পানীয়ের অভাব, স্বাস্থ্যঝুঁকি ও জীবিকা সঙ্কট নিয়েও টিকে আছেন তিনি। গেল সপ্তাহে সংসারের শেষ সম্বল 'ছোট্ট নৌকা'টি বিক্রি করেছেন। আরো কতদিন এভাবে কাটাতে হবে জানেন না তিনি। তবে পরিবর্তিত পরিবেশে টিকে থাকার সংগ্রাম আছে তাহমিনার; এখন তার দরকার সক্ষমতা ধরে রাখার সাহসটুকু। কোপেনহেগেনে বিশ্ব জলবায়ু সম্মেলনে যখন দরকষাকষি চলছে, তখনই দুর্যোগাক্রান্ত একজন নারীর আকুতি তুলে ধরছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও পাওয়ার এ্যান্ড পার্টিসিপিটেশন রিচার্স সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান। উপকূল ঘুরে এসে ধানমণ্ডিতে সংগঠনের আঙিনায় 'তাহমিনার চিঠি'র মাধ্যমে উপকূলীয় এলাকার মানবিক বিপর্যয়, সংগ্রাম আর প্রস্তুতির চিত্র তুলে ধরেন তিনি। সাতক্ষীরার শ্যামনগর, আশাশুনি উপজেলার ও খুলনার কয়রা ও দাকোপ উপজেলার প্রায় ৪৩ হাজার আইলা দুর্গত মানুষ এখনো বাঁধে দিন কাটাচ্ছেন। হোসেন জিল্লুর বলেন, "বাংলাদেশকে 'ভিকটিম' দেখিয়ে বিশ্বের দেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে না। বরং 'মাইগ্রেশন প্যানিক' সৃষ্টি না করে উপকূলের 'নীরব মানবিক বিপর্যয়' মোকাবেলায় পরিকল্পিত উদ্যোগই হবে বিশ্বের কাছে প্রতিকূল পরিবেশে বাংলাদেশের টিকে থাকতে 'বেস্ট প্র্যাকটিস'-এর উজ্জ্বল দৃষ্টান্ত।" শীত তীব্র হচ্ছে, জোয়ার-ভাটায় ভেঙে যাচ্ছে বাঁধ, নিত্যদিনের খাবার কীভাবে জোগাড় করবে- এমন ভাবনায় যখন দুর্গতদের দিন কাটছে, তখন খুব জোরেশোরে আলোচিত হচ্ছে 'উপকূল তলিয়ে যাওয়ার শঙ্কা'। 'ভীত' এ জনপদকে আর 'ভয়' না দেখিয়ে নিজের জায়গায় বেঁচে থাকার স্বপ্ন ও পথ দেখানোর আহ্বান জানান জিল্লুর। গত সাত মাসে দুর্গত এলাকায় সরকারের পক্ষ থেকেও যথাযথ উদ্যোগ নেওয়া হয়নি দাবি করে সাবেক এ উপদেষ্টা বলেন, "আমরা সবাই মনে হয় তাদের কথা ভুলতে বসেছি। তাদের জীবনসংগ্রামকে টিকিয়ে রাখতে এখনই সরকারি-বেসরকারি উদ্যোগ নিতে হবে।" হোসেন জিল্লুর মনে করেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে ঘূর্ণিঝড়ের সংখ্যা বাড়ায় দেশের উত্তর জনপদ থেকে দক্ষিণ জনপদে ধাবিত হচ্ছে দারিদ্র্য। তিনি বলেন, "উদ্বাস্তু হওয়ার ভয় দেখিয়ে আতঙ্ক ছড়ানো হবে শুধু। এ ধারণা থেকে বেরিয়ে নিজ অবস্থানে থেকে টিকে থাকার পথ দেখাতে হবে সবাইকে। তা না দেখালে দারিদ্রের হার বাড়বে আর উন্নয়ন পরিকল্পনা সব ভেস্তে যাবে।" আগামীর সমস্যা মোকাবেলায় সরকারতে তিনটি বিষয়কে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দেন সাবেক উপদেষ্টা। এগুলো হলো- উপকূলীয় এলাকায় বাঁধ ব্যবস্থাপনা, বিস্তীর্ণ ঊপকূলে সবুজ বেষ্টনী তৈরি এবং উপকূলের এক ফসলি জমিকে দু'ফসলিতে পরিণত করা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৭২২ ঘ.