মারুফ মল্লিক
কোপেনহেগেন থেকে
কোপেনহেগেন, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধান কর্মকর্তা ইভো ডি বোয়ার বলেছেন, কোপেনহেগেন সম্মেলনে কিওটো প্রটোকল অবশ্যই টিকে থাকবে।
সম্মেলনের পঞ্চম দিন শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের নির্বাহী সচিব ইভো ডি বোয়ার বলেন, "আমি মনে করি কিওটো প্রটোকল টিকে থাকা উচিত। বেশ কিছু কারণেই এই প্রটোকল টিকে থাকতে হবে।
"কিওটোর আওতায় দ্বিতীয় পর্যায় পর্যন্ত এটি কার্যকর থাকবে এবং এই কনভেনশনের আওত্তায় একটি নতুন চুক্তি হবে। এই কনভেনশনের আওতায় নতুন চুক্তি কার্যকর হবে যখন পর্যাপ্ত সংখ্যক দেশ এটি অনুমোদন করবে।"
কিওটো প্রটোকলের মেয়াদ ২০১২ সালে শেষ হচ্ছে।
বোয়ার বলেন, "কিওটো প্রটোকলের ক্ষেত্রে আট বছর লেগেছিলো এটি কার্যকর হতে। একটি একক চুক্তি সম্পন্ন করার ধারনাটি আলোচনার বাইরে নয়। কারণ বেশ কিছু দেশ একক চুক্তির বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছে। কিন্তু আমি দেখতে পাচ্ছি, বেশিরভাগ দেশ এ সম্মেলনে কিওটো প্রটোকলের অতিরিক্ত আরও কিছু ফলাফল আশা করছে।"
"কিওটো প্রটোকল হচ্ছে জলবায়ু পরিবর্তন বিষয়ক আইনি বাধ্যবাধকতা সংবলিত একমাত্র চুক্তি এবং এটি পরিত্যাগ করার কোনো যথার্থ কারণ নেই। আরও বড় কিছুর দিকে দৃষ্টি নিবদ্ধ করার এটিই সময়", বলেন তিনি।
এর আগে বৃহস্পতিবার সম্মেলনের চতুর্থ দিনে কনফারেন্স অব পার্টির অধিবেশনে বাংলাদেশ বিদ্যমান আইনগত বাধ্যবাধকতা সম্পন্ন কিওটো প্রটোকলের উপর ভিত্তি করেই আরও শক্তিশালী একটি জলবায়ু চুক্তির তাগিদ দিয়েছে। বাংলাদেশ চায় কিওটো প্রটোকল দ্বিতীয় ও পরবর্তী পর্যায় পর্যন্ত অব্যাহত থাকুক। তবে প্রয়োজনে এই চুক্তিতে সংশোধনী এনে একে আরও শক্তিশালী ও কার্যকর করার পক্ষে বাংলাদেশ।
বাংলাদেশের পর ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রগুলোর জোট এওএসআইএস বিদ্যমান আইনি বাধ্যবাধকতা সংবলিত কিওটো প্রটোকলের উপর ভিত্তি করে একটি নতুন 'কোপেনহেগেন প্রটোকল' এর প্রস্তাব দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এএনএস/এইচএ/০১৫২ ঘ.
bdnews24