২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কিওটো প্রটোকল ধরে নতুন চুক্তির প্রস্তাব

বাংলাদেশের পর বিশ্বের ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলোও কিওটো প্রটোকল ধরে রেখে নতুন একটি চুক্তির প্রস্তাব রেখেছে। কোপেনহেগেন থেকে জানাচ্ছেন মারুফ মল্লিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2009, 08:56 AM

Updated : 26 Aug 2022, 12:28 PM

মারুফ মল্লিক কোপেনহেগেন থেকে কোপেনহেগেন, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিওটো প্রটোকল ধরে রাখতে আইনগত বাধ্যবাধকতা এবং সেই সঙ্গে নতুন একটি চুক্তির প্রস্তাব রেখেছে বিশ্বের ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলোর জোট এওএসআইএস। কোপেনহেগেনে বিশ্ব জলবায়ু সম্মেলনের চতুর্থ দিনে বৃহস্পতিবার তারা এ প্রস্তাব দেয়। এর আগে কনফারেন্স অব পার্টির অধিবেশনে বাংলাদেশও আরো শক্তিশালী একটি জলবায়ু চুক্তির মাধ্যমে কিওটো প্রটোকলের ধারাবাহিকতা রাখার প্রস্তাব দেয়। এওএসআইএস এক বিবৃতিতে জানায়, জলবায়ু ব্যবস্থাকে রক্ষা এবং সংগঠনটির ৪৩টি সদস্য দেশের ভবিষ্যৎ রক্ষার জন্য এ প্রস্তাবটি তুলে ধরা হয়েছে। এওএসআইএস'র সদস্য গ্রেনেডার ডেসিমা উইলিয়ামস বলেন, "জলবায়ু পরিবর্তনের ফলে চরম হুমকির মধ্যে রয়েছে দ্বীপরাষট্রগুলো। কিওটো প্রটোকল রক্ষা এবং একটি নতুন 'কোপেনহেগেন' প্রটোকলের মাধ্যমে ইউএনএফসিসিসিকে শক্তিশালী করা-এ দুটি লক্ষ্যকে রক্ষায় আইনত বাধ্যবাধকতা সম্পন্ন একটি চুক্তি করার প্রস্তাব আমরা দিয়েছে।" কিওটো প্রটোকলের মেয়াদ ২০১২ সালে শেষ হওয়ার কথা রয়েছে। ১৯৯৭ সালে জাপানের কিওটোতে গৃহীত প্রটোকলে গ্রিনহাউস গ্যাস নিঃসরণের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়। এতে শিল্পোন্নত দেশগুলো তাদের সম্মিলিত নিঃসরণের পরিমাণ ২০০৮ থেকে ২০১২ এ পাঁচ বছরে ১৯৯০ সালের পর্যায় থেকে ৫.২ শতাংশ কমিয়ে আনতে সম্মত হয়েছিল। কিন্তু ২০০৫ সালের আগে তা আইনগতভাবে অবশ্যপালনীয় হতে পারেনি। সলোমন দ্বীপপুঞ্জের রাষ্ট্রদূত কলিন বেক বলেন, "দ্বিতীয় মেয়াদে কিওটো প্রটোকল অব্যাহত রাখতে কিছু সংশোধন উপস্থাপন করা হয়েছে আমাদের প্রস্তাবে।" "আমরা বিশ্বাস করি যে কিওটো প্রটোকল অব্যাহত রেখেই কিভাবে বিদ্যমান প্রস্তাবগুলোকে যৌক্তিক আইনগত কাঠামোয় আনা যায় সে বিষয়ে আমাদের প্রস্তাবে পথ বাতলে দেওয়া হয়েছে", বলেন কেপ ভার্দের প্রতিনিধি অ্যান্টনিও লিমা। মালদ্বীপের মন্ত্রী মোহাম্মদ আসলাম বলেন, "শুধুমাত্র জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়া নয় বরং কার্বন নিরপেক্ষ দেশ হিসেবে গড়ে ওঠার যে লক্ষ্য আমাদের রয়েছে তা পূরণে সহায়তা করবে এ প্রস্তাব।" জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্ত:সরকার প্যানেলের (আইপিসিসি) তথ্য অনুযায়ী, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেয়ে এওএসআইএস'র অধিকাংশ সদস্য রাষ্ট্র তলিয়ে যাওয়ার হুমকিতে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এফএফ/এমআই/১৪৩০ ঘ.