২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কিওটো বাতিল নয়, এর ভিত্তিতে এগিয়ে যান: ঢাকা

বিদ্যমান আইনগত বাধ্যবাধকতা সম্পন্ন কিওটো প্রটোকলের ওপর ভিত্তি করেই আরো শক্তিশালী একটি জলবায়ু চুক্তির জন্য তাগিদ দিয়েছে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2009, 07:53 PM

Updated : 26 Aug 2022, 12:28 PM

কোপেনহেগেন, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যমান আইনগত বাধ্যবাধকতা সম্পন্ন কিওটো প্রটোকলের ওপর ভিত্তি করেই আরো শক্তিশালী একটি জলবায়ু চুক্তির জন্য তাগিদ দিয়েছে বাংলাদেশ। কিওটো প্রটোকলের মেয়াদ ২০১২ সালে শেষ হওয়ার কথা। বৃহস্পতিবার কোপেনহেগেনে জলবায়ু সম্মেলনের চতুর্থ দিনে কনফারেন্স অব পার্টির অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের একজন সদস্য বলেন, ঢাকা কিওটো চুক্তি অব্যাহত রাখার পক্ষে। তবে প্রয়োজনে এতে সংশোধন আনা যেতে পারে। বাংলাদেশী ওই প্রতিনিধি ২০১৭ সাল নাগাদ 'অ্যানেক্স ১' ভুক্ত ধনী দেশগুলোকে কার্বন ডাই অক্সাইড নিঃসরণের মাত্রা ১৯৯০ সালের পর্যায় থেকে ৪০ থেকে ৪৫ শতাংশ কমিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণেরও প্রস্তাব দেন। তবে বৈঠকে উপস্থিত কয়েকটি দেশের প্রতিনিধি কিওটো প্রটোকলের মেয়াদ শেষ হলে বালি অ্যাকশন প্ল্যানের সঙ্গে সঙ্গতি রেখে একটি নতুন ফ্রেমওয়ার্কের প্রস্তাব দেন। ঢাকার প্রতিনিধি বলেন, বাংলাদেশ চায় কিওটো প্রটোকল দ্বিতীয় ও পরবর্তী পর্যায় পর্যন্ত অব্যাহত থাকুক। একইসঙ্গে আমরা যৌক্তিক সংশোধনের মাধ্যমে এই চুক্তিকে অধিকতর শক্তিশালী ও কার্যকর করতে সর্বাত্মক প্রচেষ্টা চালানোরও পক্ষে। সম্মেলনে বাংলাদেশী প্রতিনিধির উপস্থাপিত এ প্রস্তাবের একটি অনুলিপি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সংগ্রহ করে। এতে বলা হয়েছে, "বাংলাদেশ মনে করে কিওটো প্ল্যাটফর্ম অত্যন্ত আশাব্যঞ্জক এবং ১৯০টির মতো সদস্য দেশ এর প্রতি আস্থাশীল। বাংলাদেশ বিশ্বাস করে এবং এটি ব্যাপকভাবে আশা করা হচ্ছে যে কিওটো প্রটোকলে বর্ণিত প্রথম অঙ্গীকার পর্যায়ে (২০০৮-২০১২) অ্যানেক্স ১ দেশগুলোর ১৯৯০ এর পর্যায় থেকে অন্তত ৫ শতাংশ সার্বিক নিঃসরণ কমানোর লক্ষ্যমাত্রা অর্জিত হবে। একই সঙ্গে এতে মানবজাতির জন্য 'এ মুহূর্তের সবচেয়ে ভয়াবহ' এই নিরাপত্তা হুমকির চ্যালেঞ্জ মোকাবেলায় কিওটো প্ল্যাটফর্মে নেই এমন দেশগুলোকেও এর সঙ্গে যুক্ত হতে উৎসাহিত করার তাগিদ দেওয়া হয়। এলডিসিভুক্ত টুভালু, গ্রেনাডা ও ইথিওপিয়া এবং অন্যান্য দেশের পক্ষ থেকে এ ব্যাপারে আরো আলোচনার জন্য একটি 'কনট্যাক্ট গ্র"প' গঠনের আগ্রহের প্রতি জোরালো সমর্থন জানায় বাংলাদেশ। এই শতকের শেষ নাগাদ তাপমাত্রা বৃদ্ধি দেড় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বেঁধে রাখা এবং কার্বন নিঃসরণ ৩৫০ পিপিএম- এ নামিয়ে আনার পক্ষে ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রের জোট সদস্য টুভালু ও গ্রেনাডার মতো দেশের দাবির বিষয়টি উল্লেখ করেন বাংলাদেশের ওই প্রতিনিধি। আরেকটি বৈঠকে বাংলাদেশ ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম প্রকল্পের আরো ভারসাম্যপূর্ণ আঞ্চলিক বিতরণের দাবি তুলেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/টিআইকে/এএল/এসকে/০১৪৫ঘ.