২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু সম্মেলন: 'জটিল' বিষয়গুলোর সহজ ব্যাখ্যা

কোপেনহেগেনে জাতিসংঘ জলবায়ু সম্মেলন চলাকালে প্রতিনিয়ত যেসব 'কারিগরী' শব্দ আলোচিত হচ্ছে তার কতগুলো পাঠকদের সুবিধার জন্য সহজ ভাষায় ব্যাখ্যা করা হলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2009, 01:16 PM

Updated : 26 Aug 2022, 12:28 PM

ঢাকা, ১০ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোপেনহেগেনে জাতিসংঘ জলবায়ু সম্মেলন চলাকালে প্রতিনিয়ত যেসব 'কারিগরী' শব্দ আলোচিত হচ্ছে তার কতগুলো পাঠকদের সুবিধার জন্য সহজ ভাষায় ব্যাখ্যা করা হলো। অভিযোজন (অ্যাডাপটেশন): নিঃসন্দেহে জলবায়ু ইস্যুতে সবচেয়ে বেশি উচ্চারিত শব্দগুলোর একটি। জলবায়ু পরিবর্তনের প্রভাবের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য যা যা করা হচ্ছে। যেমন সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবেলা করার জন্য বাঁধ নির্মাণ অথবা উচ্চ তাপমাত্রা বা খরা সহনীয় জাতের শস্য উদ্ভাবন ও তার চাষাবাদ। 'অ্যানথ্রোপোজেনিক' বা মনুষ্যসৃষ্ট জলবায়ু পরিবর্তন: স্বাভাবিক প্রাকৃতিক নিয়মের বাইরে মানুষের কার্যকলাপের জন্য (যেমন তেল পুড়িয়ে কার্বন নিঃসরণ) যে জলবায়ু পরিবর্তন হচ্ছে। অভিযোজন তহবিল: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা করতে উন্নয়নশীল দেশগুলোকে বিভিন্ন প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়নে সাহায্যের জন্য গঠিত তহবিল। 'ক্লিন ডেভলেপমেন্ট মেকানিজম' এর মতো নিঃসরণ হ্রাস কর্মসূচি থেকে পাওয়া অর্থ এ তহবিলের অন্যতম উৎস। অ্যানেক্স ১ দেশসমূহ: শিল্পায়িত দেশসমূহ (এবং যেসব দেশ বাজার অর্থনীতির পথে যাওয়ার ক্রান্তিলগ্নে) যারা কিওটো প্রটোকল অনুযায়ী নিজ নিজ গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমানোর অঙ্গীকার করেছিল। অ্যানেক্স ২ দেশসমূহ: কিওটো প্রটোকল অনুযায়ী যেসব উন্নত দেশকে উন্নয়নশীল দেশগুলোকে আর্থিক সহায়তা ও পরিবেশবান্ধব উন্নত প্রযুক্তি হস্তান্তরের বিশেষ দায়দায়িত্ব বেধে দেওয়া হয়েছে। এ গ্র"পটি অ্যানেক্স ১ এরই একটি উপশাখা, তবে এর মধ্যে যারা ১৯৯২ সালে কেন্দ্রীয়ভাবে পরিকল্পিত অর্থনীতি থেকে মুক্তবাজার অর্থনীতির পথে যাত্রা করেছিল সেসব দেশ নেই। অ্যানেক্স ১ বহির্ভূত দেশ: কিওটো প্রটোকল স্বাক্ষর ও অনুমোদনকারী উন্নয়নশীল দেশসমূহ। তাদের জন্য বাধ্যতামূলক কার্বন নিঃসরণ হ্রাস লক্ষ্যমাত্রা নেই। বালি অ্যাকশন প্ল্যান: ২০০৭ সালের ডিসেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু সম্মেলনে প্রস্তুত পরিকল্পনা। এটি বালি রোডম্যাপের একটি অংশ। ওই অ্যাকশন প্ল্যান বাস্তবায়নে একটি ওয়ার্কিং গ্র"প গঠন করা হয়। গ্রিন হাউস গ্যাস নিঃসরণ হ্রাসের একটি দীর্ঘমেয়াদী বৈশ্বিক লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব হ্রাস,অভিযোজন,অর্থায়ন ও প্রযুক্তির ক্ষেত্রে দীর্ঘমেয়াদী সহযোগিতার একটি অভিন্ন রূপকল্প তৈরি ছিল ওই ওয়ার্কিং গ্র"পের দায়িত্ব। বালি রোডম্যাপ: বালিতে অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু সম্মেলনে গৃহীত পরিকল্পনা। এর লক্ষ্য ছিল কিওটো প্রটোকলের মেয়াদ শেষ হওয়ার পর গ্রিনহাউস গ্যাস নিঃসরণ আরো হ্রাস করতে ২০০৯ সালে কোপেনহেগেনে একটি ঐকমত্যে পৌঁছানোর পথ প্রশস্ত করা। এ রোডম্যাপ বা কর্মপরিকল্পনায় দুটি ওয়ার্কিং গ্র"পকে সময়সীমা বেধে দেওয়া হয়। একটি গ্র"পের কাজ ছিল বালি অ্যাকশন প্ল্যানের বাস্তবায়ন দেখা। অন্যটির দায়িত্ব ছিল ২০১২ সালের পর অ্যানেক্স ১ দেশগুলোর প্রস্তাবিত নিঃসরণ হ্রাস নিয়ে আলোচনা করা। ইউএনএফসিসি: ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে আয়োজিত 'ধরিত্রী শীর্ষ সম্মেলনে' গৃহীত বিশ্বের পরিবেশ বিষয়ক একগুচ্ছ আন্তর্জাতিক চুক্তির অন্যতম। জলবায়ু ব্যবস্থায় মানুষের 'বিপজ্জনক' হস্তক্ষেপ বন্ধ করাই ইউএনএফসিসি-র লক্ষ্য। ১৯৯৪ সালের ২১ মার্চ এটি কার্যকর হয় এবং ১৯২টি দেশ এটি অনুমোদন করেছে। কিওটো প্রটোকল: জাতিসংঘের ফেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ (ইউএনএফসিসি) এর সঙ্গে যুক্ত একটি প্রটোকল। ওই ফ্রেমওয়ার্কে গ্রিনহাউস গ্যাস নিঃসরণের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। এতে শিল্পোন্নত দেশগুলো তাদের সম্মিলিত নিঃসরণের পরিমাণ ২০০৮ থেকে ২০১২ এ পাঁচ বছরে ১৯৯০ সালের পর্যায় থেকে ৫.২ শতাংশ কমিয়ে আনতে সম্মত হয়েছিল। বিশ্বের সরকারগুলো ১৯৯৭ সালে জাপানের কিওটোতে এক জাতিসংঘ সম্মেলনে এ ব্যাপারে সম্মত হয়। কিন্তু ২০০৫ সালের আগে তা আইনগতভাবে অবশ্যপালনীয় হতে পারেনি। গ্রিনহাউজ গ্যাস: প্রাকৃতিক ও শিল্প থেকে নিঃসৃত গ্যাস যা ভূপষ্ঠের তাপ আটকে রেখে উষ্ণতা বাড়িয়ে তোলে। কিওটো প্রটোকলে ৬ ধরণের গ্রিনহাউজ গ্যাসের মাত্রার ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। এর মধ্যে প্রাকৃতিকগুলো হচ্ছে কার্বন ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড ও মিথেন। শিল্প থেকে মানুষের সৃষ্টগুলো হচ্ছে পারফ্লুওরোকার্বনস,হাইড্রোফ্লুওরোকার্বনস ও সালফার হেক্সাফ্লুওরাইড। কাঁচের ঘরের যে আচ্ছাদনের ভেতর কৃত্রিম উষ্ণতা ও আলো ধরে রেখে কিছু বিশেষ উদ্ভিদ চাষ করা হয় তাকে বলে গ্রিনহাউজ। এর সঙ্গে মিল রেখে এ প্রক্রিয়ার জনপ্রিয় নামকরণ হয়েছে 'গ্রিনহাউস এফেক্ট'। কারণ ওই গ্যাসগুলো যেন তাপমাত্রা ক্রমেই বাড়িয়ে তুলে পৃথিবীকে ওরকম উষ্ণ কাঁচের ঘর বানিয়ে তুলছে। কার্বন ফুটপ্রিন্ট: একটি নির্দিষ্ট সময়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক নিঃসৃত কার্বনের পরিমাণ। একটি নির্দিষ্ট পণ্য উৎপাদনের সময় নিঃসরণের পরিমাণকেও কার্বন ফুটপ্রিন্ট বলা হয়। কার্বন অফসেটিং: বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড কমিয়ে ফেলার প্রচেষ্টায় অংশ নিয়ে বা অর্থ যুগিয়ে নিজের নিঃসরণের ক্ষতিপূরণের একটি ব্যবস্থা। অনেক সময় কার্বন অফসেটিং প্রক্রিয়ার আওতায় নিজের নিঃসৃত কার্বনের সমপরিমাণ নিঃসরণ ঠেকাতে অন্যত্র অন্য কোনো পক্ষকে অর্থ দেওয়া হয়। এমিশন (নিঃসরণ) ট্রেডিং স্কিম: গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাসের লক্ষ্যে ব্যবসায়ী প্রতিষ্ঠান ও সরকারগুলোর মধ্যে নিঃসরণ পারমিট বেচাকেনার জন্য চালু করা একটি স্কিম বা প্রকল্প। সবচেয়ে ভালো প্রকল্প হিসেবে দেখা হয় ২০০৫ সালে চালু হওয়া ইইউ এর স্কিমটি। ক্লিন ডেভলেপমেন্ট মেকানিজম (সিডিএম): কিওটো প্রটোকলের আওতায় একটি কর্মসূচি। এর মাধ্যমে উন্নয়নশীল দেশে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাস বা দূর করায় বিনিয়োগ করে উন্নত দেশ বা তাদের প্রতিষ্ঠানগুলো 'ক্রেডিট' পেতে পারে। টিপিং পয়েন্ট: টিপিং পয়েন্ট হচ্ছে পরিবর্তনের একটি পর্যায়। সেখানে পৌঁছে গেলে এমন এক প্রক্রিয়ার সূচনা হবে যেখান থেকে আর পেছনে ফেরা মুশকিল। বিশেষজ্ঞরা বলেন, নীতিনির্ধারকরা আগামী পঞ্চাশ বছরে নিঃসরণ অর্ধেকে নামিয়ে আনতে না পারলে পৃথিবীর জলবায়ু এমন একটা অবস্থায় পৌঁছতে পারে যা হয়তো পরিবর্তন করা আর সম্ভব হবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/১৯১১ঘ.