ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, আগামী দিনগুলোতে জলবায়ু উদ্বাস্তুদের অর্ধেকেরই বেশি হবে বাংলাদেশ থেকে। এ সংকট মোকাবেলায় সবাইকে এখন থেকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুধবার দুপুরে দু'টি বইয়ের প্রকাশনা উৎসবে তিনি বলেন, "পরিবেশ বিপর্যয়ের কারণে বাংলাদেশের দুই থেকে তিন কোটি মানুষ উদ্বাস্তু হবে, যা বিশ্বের সম্ভাব্য উদ্বাস্তুদের মধ্যে সবচেয়ে বেশি।"
ডেনমার্কের কোপেনহেগেনে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে ইতোমধ্যে বাংলাদেশ এ ভয়াবহতার কথা তুলে ধরে স্বল্পোন্নত দেশগুলোর পক্ষ হয়ে সবচেয়ে বেশি হুমকির মুখে থাকা দেশগুলোর জন্য এ সংক্রান্ত তহবিলের ৭৫ শতাংশ বরাদ্দের দাবি তুলেছে।
দীপু মনি বলেন, জলবায়ু উদ্বাস্তুরা নগরমুখী হয়ে পড়বে। এতে সৃষ্টি হবে মানবিক সংকট, বাড়বে দারিদ্র্য।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশিদ, অধ্যাপক ড. মাহমুদা ইসলাম ও কবি নির্মলেন্দু গুণ।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের উইনোনা স্টেট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ক্যাথি জো ফারুক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ সামাদের যৌথ গবেষণা গ্রন্থ 'দি ইনভিজিবল পিপল: পোভার্টি অ্যান্ড রিজিলিয়েন্সি ইন দি ঢাকা স্লামস' এবং ড. ক্যাথি জো ফারুক, অধ্যাপক মুহাম্মদ সামাদ ও টমাস হিল সম্পাদিত ঢাকার বস্তি-জীবন ভিত্তিক কবিতা সংকলন 'দি ইনভিজিবল পিপল অব বাংলাদেশ: রিফ্লেকশন্স অব পোভার্টি' এর মোড়ক উন্মোচন করা হয়।
এছাড়া বস্তি জীবন নিয়ে প্রামাণ্যচিত্র 'দি ওয়াটার্স এজ'-এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এইচএ/২০১৭ ঘ.
bdnews24