মারুফ মল্লিক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পরিবেশ প্রতিবেদক
কোপেনহেগেন, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উন্নত দেশগুলোর গ্রিন হাউজ গ্যাস নির্গমন কমিয়ে আনার ব্যাপারে শিল্পোন্নত দেশগুলোর প্রস্তাব যথেষ্ট এবং গ্রহণযোগ্য নয় বলে গভীর উদ্বেগ ও হতাশা প্রকাশ করেছে বাংলাদেশ।
সোমবার সম্মেলনের প্রথম দিনের শেষে একটি বিবৃতিতে জলবায়ু সম্মেলনে আলোচনায় ধীরগতি এবং স্বল্পোন্নত দেশগুলোকে কোনঠাসা করা হচ্ছে বলেও মন্তব্য করা হয়।
১৮ ডিসেম্বর শেষ হতে যাওয়া সিওপি ১৫ সম্মেলনে ১৯২টি শিল্পোন্নত ও স্বল্পোন্নত দেশগুলো একসঙ্গে আলোচনায় বসেছে বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে পৃথিবীকে বাঁচাতে ।
বিবৃতিতে বলা হয়, "আমরা অতন্ত্য উদ্বিগ্ন ও হতাশ যে জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোকে পাশ কাটিয়ে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ পক্ষগুলোর সঙ্গে আলোচনা করা হচ্ছে।'
এতে বলা হয়, "আমরা দেখছি স্বল্পোন্নত, ছোট দ্বীপ রাষ্ট্র ও আফ্রিকার দেশগুলোর কথা না বলেই প্রস্তাব পেশ করা হচ্ছে। এছাড়াও আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে তারা ২০০৭ সালের বালি ম্যান্ডেটকে পাশ কাটিয়ে যাচ্ছে এইসব প্রস্তাবে।"
সোমবার কোপেনহেগেনের বেলা কনফারেন্স সেন্টারে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দল জানায়, জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তঃসরকার প্যানেলের (আইপিসিসি) বিজ্ঞানভিত্তিক গবেষণাকে আমলে নিলে উন্নত দেশগুলোর এই প্রস্তাব যথেষ্ট এবং গ্রহণযোগ্য নয়।
এছাড়া সম্মেলনে আলোচনার অগ্রগতি অত্যন্ত ধীরগতির বলে মন্তব্য করা হয়েছে বিবৃতিতে।
এই সম্মেলনেই চুক্তি হওয়ার বদলে একটি অন্তর্র্বতী ব্যবস্থা নেওয়া হতে পারে। চুক্তি সম্পাদনে ২০১০ সাল নাগাদ সময় নেয়া হবে।
এদিকে ফ্রান্সের 'লা রুঁজ' নামে একটি সংগঠন ই-ডাকে পাঠানো একটি বিবৃতিতে বৈশ্বিক উষ্ণতাকে একটি 'মনগড়া' বিষয় বলে প্রচার করছে।
তাদের বিবৃতিতে বলা হয়, মানবজাতির উপর আসা এই দুর্যোগের কারণ বৈশ্বিক উষ্ণতা নয়, বরং এটার কারণ অভিজাত পুঁজিবাদী ব্যবস্থা।
তবে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্ত:সরকার প্যানেল (আইপিসিসি) নিজেদের অবস্থান পরিষ্কার করে তুলে ধরেছে।
আইপিসিসি প্রধান ড. রাজেন্দ্র পাচৌরি বলেন, খুব বেশি হলেও মাত্র ছয় বছরের মধ্যেই আরো দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়লে সমুদ্রের পানির উচ্চতা আরো দশমিক চার থেকে দেড় মিটার পর্যন্ত বাড়বে। এর সঙ্গে হিমবাহ গলে পানির যে উচ্চতা দাঁড়াবে তাতে বাংলাদেশসহ আরো বেশকিছু দ্বীপরাষ্ট্র হারিয়ে যাবে।
তিনি বাংলাদেশের ক্ষেত্রে আরো গুরুত্বের সঙ্গে এই দুর্যোগ মোকাবেলার জন্য পদক্ষেপ নেয়ার কথা বলেন।
সোমবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্য সাংসদ সাবের হোসেন চৌধুরী বলেন, "আমরা আরো বেশি কিছু আশা করছি।"
বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের মুখে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ উল্লেখ করে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ সব ধরণের প্রাকৃাতক দুর্যোগের মুখোমুখি হচ্ছে।
তিনি আরো বলেন, বাংলাদেশ এই সম্মেলনে সমঝোতার ক্ষেত্রে একটি বড় ভূমিকা নিতে পারে। বড় ধরনের অর্থ ব্যবস্থাপনার ক্ষমতা বাংলাদেশের রয়েছে।
সম্মেলনে বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলো ২০২০ সালের মধ্যে কার্বন ডাই-অক্সাইড গ্যাসের নির্গমন ১৯৯০ সালের তুলনায় ৪৫ শতাংশ এবং ২০৫০ সালের মধ্যে তা ৯০ শতাংশ কমিয়ে আনার প্রস্তাব রাখে।
কিন্তু ব্রাজিল, ভারত, দক্ষিণ আফ্রিকা ও চীন এই ব্যাপারে ভিন্ন প্রস্তাব করেছে।
বাংলাদেশ প্রতিনিধি দল সংবাদ সম্মেলনে দল এতে অসন্তোষ জানায়।
সংবাদ সম্মেলনে বলা হয়, "আমরা চার দেশের অবস্থানের ব্যাপারে অসন্তুষ্ট। এটা আমাদের ও স্বল্পোন্নত দেশগুলোর অবস্থান।"
বাংলাদেশের বিবৃতিতে আরো বলা হয়, "আমরা এমন প্রতিশ্র"তি চাই যাতে কিয়োটো প্রটোকল দ্বিতীয় দফায় কাজ করবে এবং তা পরবর্তীতে কার্যকর থাকবে।"
এছাড়া অভিযোজন ক্ষমতা, দুর্যোগ মোকাবেলার সক্ষমতা তৈরির ক্ষেত্রে 'অ্যানেক্স-১'ভূক্ত দেশগুলোর কাছে আইনসম্মত আর্থিক প্রতিশ্র"তিও চেয়েছে বাংলাদেশ।
অভিযোজন ক্ষমতা সৃষ্টির জন্য অনুদান ভিত্তিতে তহবিলের পাশাপাশি নিজেদের জন্য সহায়তাও চেয়েছে বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলো। এর মূল উৎস হবে অ্যানেক্স-১ দেশগুলোর জিডিপি'র ১ দশমিক ৫ শতাংশ অর্থ দিয়ে গঠিত নতুন একটি তহবিল।
তবে ১০ বিলিয়ন ডলারের তহবিলকে ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করার সিদ্ধান্তের প্রশংসা জানিয়েছে বাংলাদেশ।
সংবাদ সম্মেলনে নেপালের প্রতিনিধি ড.উদয় শর্মা বলেন, নেপালের অবস্থা একটু ভিন্ন। অন্তত ২৫টি হিমবাহ গলে হ্রদে পরিণত হওয়ায় নেপাল হুমকির মুখে আছে।
তিনি বলেন, শুধু নেপাল নয়, নিুাঞ্চলের দেশগুলোও এতে ঝুঁকির মুখে রয়েছে। কিন্তু এই ব্যাপারেও বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে না।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আইপিসিসি'র সদস্য ড. আতিকুর রহমান, সাবেক তত্ত্ববধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী দেবাশীষ রায় ও ড. আইনুন নিশাত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/টিআইকে/কিউএইচ/জিএনএ/১৭৫৭ ঘ.
bdnews24