ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ কোপেনহেগেন সম্মেলনে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সম্ভাব্য 'অভিযোজন তহবিল'র ১৫ শতাংশ চাইবে বলে জানিয়েছেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ।
তিনি বলেন, "কোপেনহেগেন সম্মেলনের প্রথম দিনেই প্রমাণ হয়েছে জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ দেশ হল বাংলাদেশ। বিশ্বব্যাপী ক্ষতিগ্রস্তদের মধ্যে ১৫ শতাংশই এ দেশের।"
মঙ্গলবার তথ্য অধিপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ক্ষতিপূরণের একটি অংশ পাওয়ার বিষয়টি ইতোমধ্যে ডেনমার্ক সরকার নিশ্চিত করেছে বলে জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, উন্নত বিশ্ব ও দ্রুত উন্নয়নশীল দেশগুলোর কাছে তাদের জিডিপি'র এক দশমিক ৫০ শতাংশ এই 'অভিযোজন তহবিল'-এ দেওয়ার জন্য দাবি জানিয়েছে বাংলাদেশ। এতে প্রতিবছর ৪৫০ থেকে ৬০০ বিলিয়ন ডলারের তহবিল গঠিত হতে পারে।
হাছান মাহমুদ বলেন, গত দুই বছরে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমে বাংলাদেশ স্বল্পোন্নত (এলডিসি) দেশগুলোর নেতা না হয়েও বলিষ্ঠ ভূমিকা রেখেছে।
এর ফলে কোপেনহেগেন সম্মেলনের প্রথম দিনেই জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্ত:সরকার প্যানেল (আইপিসিসি) চেয়ারম্যানের বক্তব্যে শুধু বাংলাদেশের নামই উঠে এসেছে বলে তিনি মনে করেন।
প্রতিমন্ত্রী আরো জানান, ইতোমধ্যে গ্রিন হাউস গ্যাসের প্রভাবে বাংলাদেশ যে ক্ষতির শিকার হয়েছে তা প্রমাণিত হওয়ায় আরো কিছু সুবিধা পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
তিনি বলেন, উন্নত দেশগুলোতে গ্রিন হাউস গ্যাস নিগর্মনের হার যেখানে প্রতি বছর মাথাপিছু এক দশমিক ছয় শতাংশ, সেখানে বাংলাদেশে এ হার মাত্র দশমিক ২০ শতাংশ। জলবায়ু পরিবর্তনে তাই বাংলাদেশের মতো দেশগুলো খুব সামান্যই দায়ী।
এ হিসেবে বাংলাদেশ উন্নত দেশগুলো থেকে ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পেতে পারে বলে প্রতিমন্ত্রী মনে করেন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- মন্ত্রণালয়ের সচিব ড. মিহির কান্তি মজুমদার, বাংলাদেশ উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ড. কাজী খলিকুজ্জামান আহমদ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কিউএইচ/এমএসবি/১৬২৬ ঘ.
bdnews24