২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'২০২০ সাল নাগাদ ১০০ বিলিয়ন ডলারের জলবায়ু তহবিল'

কোপেনহেগেন সম্মেলনের প্রাক্কালে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের শীর্ষ কর্মকর্তারা এ সম্মেলনে একটি সমঝোতা হবে বলে আস্থা ব্যক্ত করেছেন। জানাচ্ছেন মারুফ মল্লিক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2009, 06:49 PM

Updated : 26 Aug 2022, 12:26 PM

মারুফ মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এনভায়রনমেন্ট করসপনডেন্ট কোপেনহেগেন, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোপেনহেগেন সম্মেলনের প্রাক্কালে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের শীর্ষ কর্মকর্তারা এ সম্মেলনে একটি সমঝোতা হবে বলে আস্থা ব্যক্ত করেছেন। আর এতে বাংলাদেশসহ সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য একটি অভিযোজন তহবিলের অঙ্গীকার থাকবে, যা বছরে ১০ হাজার কোটি মার্কিন ডলার পর্যন্ত পৌঁছতে পারে। ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জের (ইউএনএফসিসিসি) নির্বাহী সচিব ইভো ডি বোয়ার রোববার কোপেনহেগেনে এক প্রেসব্রিফিংয়ে কার্বন নিঃসরণ কমানোর অঙ্গীকার ও লক্ষ্যমাত্রা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় অভিযোজন তহবিল নিয়ে কথা বলেন। তিনি বলেন, "আমরা বছরে এক হাজার কোটি মার্কিন ডলারের স্বল্পমেয়াদী অর্থায়নের অনুসন্ধান করছি, যা ২০১২ সাল নাগাদ তিন হাজার কোটি ডলারে পৌঁছাবে।" ব্রিফিংয়ের পর তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা আরও দীর্ঘমেয়াদী তহবিলের অনুসন্ধান করছি। ২০২০ সাল নাগাদ বছরে ১০ হাজার কোটি ডলারের তহবিল গঠনের পরিকল্পনা রয়েছে আমাদের।" ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে সোমবার থেকে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের এ সম্মেলন শুরু হচ্ছে। এতে ১৯২ টি দেশের প্রতিনিধিরা যোগ দিবেন। এই সম্মেলনে একটি 'সমন্বিত, উচ্চাকাঙ্খী ও কার্যকর আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন বিষয়ক চুক্তি' হবে বলে বোয়ার ভীষণ আস্থাশীল। ব্রিফিংয়ে উপস্থিত প্রায় দুইশ' দেশের সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, "সোমবার থেকে দুই সপ্তাহের মধ্যে বিভিন্ন দেশের সরকারকে জলবায়ু পরিবর্তনের জরুরি চ্যালেঞ্জ মোকাবেলায় যথাযথ সাড়া অবশ্যই দিতে হবে। আলোচকদের হাতে এখন দ্রুত কার্যকর পদক্ষেপের জন্য সুনির্দিষ্ট প্রস্তাব প্রণয়নে বিশ্ব নেতাদের পক্ষ থেকে সুস্পষ্ট ইঙ্গিত রয়েছে। "১৭ বছরের মধ্যে জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনায় এর আগে কখনোই এত বেশি দেশ একযোগে এত বেশি দৃঢ় অঙ্গীকার করেনি।" এদিকে সম্মেলনের প্রাক্কালে পরিবেশ আন্দোলন কর্মীরা দলে দলে কোপেনহেগেনে পৌঁছতে শুরু করেছেন। সম্মেলনে বিশ্ব নেতারা যাতে একটি কার্যকর সমঝোতায় পৌঁছান সেজন্য তাদের উপর চাপ প্রয়োগ করতেই ইউরোপের বিভিন্ন শহরে হাজার হাজার আন্দোলনকারী মিছিল-সমাবেশ করেন। জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তঃসরকার প্যানেলের (আইপিসিসি) ভবিষ্যতবাণী অনুযায়ী, গ্রিন হাউজ গ্যাস নির্গমন বর্তমান হারের চেয়ে না কমানো হলে মালদ্বীপ, কিরিবাতি এবং টুভালুর মতো দ্বীপরাষ্ট্রগুলো ২১০০ সাল নাগাদ পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যাবে। এর আগে গৃহীত কিয়োটো সনদের মেয়াদ ২০১২ সালে শেষ হয়ে যাচ্ছে। গ্রিন হাউজ গ্যাস নির্গমন কমাতে কী উদ্যোগ নেওয়া হবে, তাই নির্ধারণ হবে কোপেনহেগেন সম্মেলনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এএনএস/এইচএ/০০৩৯ঘ.