ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৃক আয়োজিত বিশ্বের অন্যতম এবং এশিয়ার সর্ববৃহৎ আলোকচিত্র উৎসব 'ছবি মেলা- ৫' শুক্রবার ঢাকায় শুরু হচ্ছে। জাতীয় জাদুঘরের শহীদ জিয়া মিলনায়তনে বিকেল ৪ টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেল ৪টায় দৃক গ্যালারিতে 'মিট দ্য প্রেস' অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ছবি মেলা সম্পর্কে নানা বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন উৎসব পরিচালক শহীদুল আলম। এছাড়া এই উৎসবের প্রধান অতিথি প্রখ্যাত ভারতীয় সাহিত্যিক মহাশ্বেতা দেবী সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য রাখেন।
উৎসব পরিচালক সাংবাদিকদের জানান, ৩০ জানুয়ারি শুক্রবার শোভাযাত্রার মধ্যে দিয়ে 'ছবি মেলা- ৫' এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে। মেলা চলবে ২০ ফেব্র"য়ারি পর্যন্ত। আর এবারের মেলায় ৩৫টি দেশের আলোকচিত্রীরা অংশ নিচ্ছেন । বেশ কয়েকটি ভেনুতে এই আয়োজন চলবে, যেখানে হাজারেরও বেশি ছবি প্রদর্শিত হবে। সব শ্রেণী-পেশার মানুষ এই আয়োজনে অংশ নেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
শহীদুল আলম এই ছবি মেলার যাত্রা শুরুর প্রেক্ষাপট তুলে ধরে বলেন, "আমরা পূর্বের মানুষেরা শুধু পশ্চিমের ছবিই দেখবো-সেই ধারণা বদলে দিতেই এই আয়োজনের যাত্রা শুরু হয়েছিল। আমাদের দেশের ঘূর্ণিঝড় বা সিডরের ছবিই শুধু সারা বিশ্ব দেখে থাকে। সেখান থেকে বেরিয়ে এসে এদেশের সব ধরনের আনন্দ-বেদনার ছবিও মানুষকে দেখানোর জন্যই বাংলাদেশে এই আয়োজন শুরু হয়।"
অনুষ্ঠানের প্রধান অতিথি মহাশ্বেতা দেবী এই আয়োজনে নিজের অংশগ্রহণের অভিজ্ঞতাকে 'একটি প্রাপ্তি' হিসেবে অভিহিত করে বলেন, "আমি একজন লেখক। লেখার মাধ্যমে আমি বঞ্চিত ও বিপন্ন আদিবাসী মানুষের কথা তুলে ধরি। তবে ছবির মাধ্যমে সেটা অনেক বেশি জোরালোভাবে তুলে ধরা সম্ভব।"
নিজেকে প্রধানত 'আদিবাসী মানুষের পক্ষে লড়াই চালিয়ে যাওয়া লেখক' হিসেবে পরিচয় দিয়ে তিনি ভারতের আদিবাসী শ্রেণীর বিপন্নতার চিত্র তুলে ধরেন।
মহাশ্বেতা দেবী বলেন, "আমি আদিবাসীদের নিয়ে লেখালেখি করি। ওদের জীবনযাপন ওদের দুঃখ-দুর্দশা অনেক কাছ থেকে দেখি। ভারতের সব জেলায়ই আদিবাসীরা খুব বিপন্ন। ধীমানরা সেখানে খুবই দুর্দশার মধ্যে আছে। একই অবস্থা ওখানকার চাকমাদেরও। লেখালেখির মাধ্যমে আমি তাদের সংগ্রামের কথা তুলে ধরি।"
"আরও নানাভাবে তাদের সংগ্রামের কথা তুলে ধরা যায়। আপনারা ছবির মাধ্যমে সেটা করছেন, মহাশ্বেতা বলেন।
তিনি আরও বলেন, "আমরা একটা ক্রান্তিকালের মধ্যে দিয়ে যাচ্ছি। এই সময়টায় কিছু হতে চলেছে। মানুষের অবস্থা বদলে দিতে তাদের পাশে আমাদের সবাইকে দাঁড়াতে হবে। করণীয়গুলো করতে হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ওএফএস/এইচএ/০০২৫ ঘ.
bdnews24