প্রতারিত হয়ে একই কৌশলে টাকা আত্মসাৎ
চাকরির জন্য টাকা দিয়ে প্রতারিত হয়ে একই ফাঁদ পেতে অর্থ হাতিয়ে নিচ্ছিলেন ‘চক্রের হোতা’ নজরুল ও তার সহযোগীরা।
চাকরির জন্য বিভিন্নজনকে টাকা দিয়ে প্রতারিত হয়ে একই কৌশলে চাকরি প্রার্থীদের কাছ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক যুবক ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
এরা হলেন- মো. নজরুল ইসলাম (২৯), মো. ওয়ায়েশ করোনী ওরফে সেলিম (৪৭), মো. নাসির উদ্দিন (২৬) ও সৈয়দ মো. এনায়েত (৪৮)।
এদের মধ্যে নজরুলকে প্রতারক চক্রের ‘হোতা’ অভিহিত করে র্যাব বলছে, কাস্টমস অফিসার পরিচয়ে তারা কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। চাকরি দেওয়ার মিথ্যা আশ্বাস ছাড়াও ভিসা তৈরি, বিদেশ পাঠানো, বিমানবন্দর ও স্থলবন্দরের মালামাল খালাস, জমি ক্রয়-বিক্রয় সংক্রান্ত দালালিসহ বিভিন্ন কাজের প্রতিশ্রুতি দিয়ে তারা বিপুল অর্থ হাতিয়ে নিয়েছেন।
গ্রেপ্তারদের বিষয়ে বুধবার সকালে কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে কমান্ডার আল মঈন বলেন, “মূলত নজরুল অন্য সহযোগীদের যোগসাজসে প্রতারণা করে আসছিল। নারায়ণগঞ্জের একটি কলেজ থেকে বিবিএ পাস করে কাস্টমসে চাকরি জন্য বিভিন্ন জনকে টাকা দিয়ে প্রতারিত হয়েছিলেন নজরুল।
“২০১২ সালে প্রথমে কম্পিউটার অপারেটর হিসেবে চাকরির আশায় একজনকে ১১ লাখ টাকা দিয়ে চাকরি না পেয়ে প্রতারিত হন। পরের বছর নৈশ প্রহরী এবং ২০১৭ সালে উচ্চমান সহকারী হিসেবে চাকরির জন্য টাকা দিয়েও প্রতারিত হন নজরুল।”
সংবাদ সম্মেলনে বলা হয়, বিভিন্ন সময়ে কাস্টমসে চাকরি পরীক্ষায় অংশগ্রহণ এবং কাস্টমসের কর্মকর্তা-কর্মচারীদের সান্নিধ্যের সুবাদে কাস্টমসের কার্যক্রম সম্পর্কে নজরুল ধারণা পান। নিজে প্রতারিত হয়ে পরবর্তীতে একই কায়দায় অর্থ আত্মসাৎ করতে চক্র গড়ে তোলেন।
র্যাব জানায়, চক্রটি কাস্টমসসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সিল ও স্টিকার গাড়িতে ব্যবহার করে ব্যবসায়ীদের ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নিত। তাদের প্রতারণার জালে পড়া কয়েকজন র্যাবের কাছে আইনি সহায়তা চেয়ে লিখিত অভিযোগ করলে তাদের বিষয়ে তৎপর হয় এই বাহিনী।
চক্রটি প্রায় দুই বছর ধরে প্রতারণা করে আসছিল জানিয়ে খন্দকার আল মঈন বলেন, “চক্রটির সদস্য সাত-আটজন। চক্রের অন্য সদস্যরা অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার কথা বলে ‘হোতা’ নজরুলের কাছে নিয়ে আসত।
“নজরুল কাস্টমস কর্মকর্তাদের পোশাক পরে চাকরি প্রার্থীদের বলতেন, কাস্টমসসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে। এভাবে চাকরি প্রার্থীদের আস্থা অর্জন করতেন।”
গ্রেপ্তারদের কাছ থেকে কাস্টমস কর্মকর্তার পোশাক, আইডি কার্ড, ওয়াকিটকি, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ভুয়া সিল ও স্টিকার, ভিজিটিং কার্ড, টাকা, ব্যাংকের এটিএম কার্ড, চেক বই, মোবাইল ও প্রাইভেটকার উদ্ধার করার কথা জানিয়েছে র্যাব।
