২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদক মামলায় যাবজ্জীবন সাজার আসামি গ্রেপ্তার

এক যুগের বেশি সময় ধরে পরিচয় লুকিয়ে দেশের নানা জায়গায় পলাতক জীবন কাটাচ্ছিলেন তিনি।

মাদক মামলায় যাবজ্জীবন সাজার আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার মো. জাকির হোসেন জনি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2023, 12:01 PM

Updated : 21 Aug 2023, 12:01 PM

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি এক যুগের বেশি সময় ধরে পলাতক জীবন কাটাচ্ছিলেন।

রাজধানীর শেরেবাংলা নগরে অভিযান চালিয়ে রোববার রাতে মো. জাকির হোসেন জনি নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে র‍্যাব ২ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

জনিকে একজন ‘পেশাদার মাদক কারবারি’ হিসেবে বর্ণনা করে র‍্যাব বলছে, মাদকসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার পর ২০১০ সালের ২৭ ফেব্রুয়ারি যশোর জেলার চৌগাছা থানায় তার নামে মামলা হয়।

সে সময় তিন দিন জেল হাজতে থেকে জামিনে বেরিয়ে যান জনি। এরপর চলে যান আত্মগোপনে। পরিচয় লুকিয়ে দেশের নানা জায়গায় পলাতক জীবন কাটাতে থাকেন।

জনির অনুপস্থিতিতে মামলার বিচারিক কার্যক্রম শেষ করে আদালত। রায়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে জনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিচারক।

জনিকে যশোর জেলার চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।