অবৈধ দোকান নিজেরাই ভাঙল দখলদাররা
সোমবার ভাঙার ঘোষণা দিয়ে রোববার বিকালে অবৈধ স্থাপনাগুলো লাল কালিতে চিহ্নিত করেন সিটি করপোরেশনের কর্মীরা।
অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে- এমন ঘোষণার পর নিজেরাই স্বতঃপ্রণোদিত হয়ে ঢাকা দক্ষিণ সিটি কপোরেশনের নিমতলীতে জমি দখল করে গড়া ১৫টি দোকান নিজেরাই ভেঙেছে দখলদাররা।
রোববার বিকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি বিভাগ এলাকায় মাইকিং করে, নিমতলী মোড়ের অবৈধ দখলদারদের সোমবার উচ্ছেদ করা হবে। অবৈধভাবে জমি দখল করে রাখা দোকানগুলোও লাল কালি দিয়ে চিহ্নিতও করা হয়।
সোমবার উচ্ছেদ কার্যক্রম পরিচালনার জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা মো. মুনিরুজ্জামান, অঞ্চল-১ এর নির্বাহী প্রকৌশলী মিঠুন চন্দ্র শীল, পুলিশ সদস্য, করপোরেশনের সারভেয়ার, পেশকার, উচ্ছেদ শ্রমিকসহ সংশ্লিষ্টরা নিমতলী মোড়ে যান।
সেখানে যাওয়ার পর তারা দেখেন, লাল কালিতে চিহ্নিত ১৫টি দোকান ভেঙে ফেলা হয়েছে। পরে খবর নিয়ে জানা যায়, দখলদাররা নিজেদের উদ্যোগেই রাতে ভেঙে নিয়েছে ওইসব স্থাপনা।
দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন বলেন, “আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি যে, দখলদারেরাই নিজ উদ্যোগে অবৈধ দখলদারিত্বের অবসান ঘটিয়েছে।”
এই দখলমুক্তির ফলে সেখানে রাস্তা ১২০ ফুট দীর্ঘ এবং ১০ থেকে ৩০ ফুট প্রশস্ত হয়েছে বলে জানান কর্মকর্তারা।
