২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব নাগরিকত্ব সূচকে ১২১ নম্বরে বাংলাদেশ

নিরাপত্তা ও সুরক্ষা, অর্থনৈতিক সুযোগ, জীবনমানের স্তর, বৈশ্বিক চলাচল ও অর্থনৈতিক স্বাধীনতার ওপর ভিত্তি করে এ সূচক তৈরি করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2024, 01:17 AM

Updated : 26 Aug 2026, 09:44 AM

বিশ্ব নাগরিকত্ব সূচকে ১৫৭টি দেশের মধ্যে ১২১ নম্বরে নাম এসেছে বাংলাদেশের; যেখানে নাগরিক সুবিধার বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে করা ১০০ স্কোরের মধ্যে অর্জন ৪৫ দশমিক ৫।

যুক্তরাজ্যভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান ‘সিএস পার্টনারস’ সূচকটি তৈরি করেছে, যা প্রতিবেদন আকারে নিজেদের ওয়েবসাইটেও প্রকাশ করেছে।

বিনিয়োগের বিনিময়ে বিভিন্ন দেশে নাগরিকত্ব পাইয়ে দিয়ে নিরাপদ আবাস সৃষ্টিতে সরকারের পক্ষে পরামর্শক ও মার্কেটিং ফার্ম হিসেবে কাজ করে থাকে সিএস পার্টনারস।

২০২৪ সালের প্রতিবেদন তৈরিতে শুধু বিভিন্ন দেশের পাসপোর্ট র‌্যাংকিংয়ের ওপর নির্ভর না করে পাঁচটি বিষয় বেছে নিয়ে সেগুলো বিশ্লেষণ করেছে প্রতিষ্ঠানটি।

নাগরিকত্বের মান নির্ণয়ে সিএস পার্টনারসের বেঁছে নেওয়া পাঁচটি বিষয় হল- নিরাপত্তা ও সুরক্ষা, অর্থনৈতিক সুযোগ, জীবনমানের স্তর, বৈশ্বিক চলাচল ও অর্থনৈতিক স্বাধীনতা।

সূচকে বিষয়ভিত্তিক অবস্থানে দেখা যায়, নিরাপত্তা ও সুরক্ষায় ১২২তম অবস্থানে রয়েছে বাংলাদেশে। এ ছাড়া অর্থনৈতিক সুযোগে ৫৭, জীবনমানের স্তরে ১২০, বৈশ্বিক চলাচলে ১২৬ এবং অর্থনৈতিক স্বাধীনতায় বাংলাদেশ ১২৩তম স্থান পেয়েছে।

এবারের সূচকে ৪৯ দশমিক ৫ স্কোর নিয়ে বাংলাদেশের প্রতিবেশী ভারতের অবস্থান ১০৩তম, যেখানে ৩৮ দশমিক ১ স্কোর নিয়ে পাকিস্তান রয়েছে ১৪৫তম অবস্থানে।

সূচকের সবার উপরে আছে আয়ারল্যান্ড, যার স্কোর ৮৬ দশমিক ৬। ৮৬ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে সুইজারল্যান্ড, ৮৪ দশমিক ৬ স্কোর নিয়ে তৃতীয় ডেনমার্ক, ৮৪ স্কোর নিয়ে অস্ট্রেলিয়া চতুর্থ এবং ৮২ দশমিক ৭ স্কোর নিয়ে আইসল্যান্ড রয়েছে পঞ্চম অবস্থানে। 

২৭ স্কোর নিয়ে সূচকে একেবারে নিচে ১৫৭তম অবস্থান পেয়েছে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন। তার ঠিক উপরে রয়েছে যুদ্ধসংকুল দেশ সিরিয়া, যার স্কোর ২৯। তার উপরে আছে সুদান ও আফগানিস্তান।

‘ওয়ার্ল্ড সিটিজেনশিপ রিপোর্ট ২০২৪’ নামে তৈরি প্রতিবেদনটিতে বলা হয়েছে, বিশ্ব নাগরিকরা এবার তাদের অন্যতম মৌলিক দায়িত্ব পালনের সুযোগ পেয়েছে, যা প্রকৃত অর্থে বলতে গেলে ‘নির্বাচনি দায়িত্ব’।

চলতি বছর বিশ্বের প্রায় অর্ধেক মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে। পূর্বে বাংলাদেশ ও ভারত থেকে পশ্চিমে যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নের দেশ ও যুক্তরাষ্ট্র পর্যন্ত ভোট আর ভোট। 

প্রতিবেদনে বলা হয়েছে, নাগরিকদের হাত ধরে ভোটের ইস্যুতে গভীর পরিবর্তনের একটি বিষয় সামনে আসছে। তাদের মুখে উচ্চারিত হচ্ছে খুবই আগ্রহ উদ্দীপক কিছু প্রশ্ন, যার মধ্যে রয়েছে- বিদেশে আবাস গড়া, ভূরাজনৈতিক স্থায়ীত্ব, জলবায়ু পরিবর্তন ও যুদ্ধের দামামা। 

বিশ্ব নাগরিকরা জানতে চাইছেন, এসব ইস্যু আসলে কোন পথে এগোচ্ছে। সর্বোপরি এসব পরিবর্তন বিভিন্ন সম্প্রদায়, জাতি ও বৃহৎ পরিসরে বিশ্বকে একটা বাধ্যবাধতার মধ্যে ফেলে দিচ্ছে।

‘সমস্যাসংকুল, পরস্পরবিরোধী অবস্থায় বিশ্ব নাগরিকদের কাছ কী ধরনের দায়িত্ববোধ প্রত্যাশা করা হয়’, তা নিয়ে বোঝাপড়ার এটি ‘নির্দেশিকা’ হিসেবে প্রতিবেদনটি দাঁড় করা হয়েছে। 

বাংলাদেশ: নির্বাচন ও জলবায়ু

বাংলাদেশের ২০২৪ সালের শুরুটা ছিল নাগরিকদের ভোটদানের দায়িত্ব পালনের বছর।

৭ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ টানা চতুর্থবার জয় পায়। টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করেন দলের প্রধান শেখ হাসিনা।

এর কিছু দিন পর তাইওয়ানে ভোট হয়, যেখানে জয় পান ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির লাই চিং-তে।

ভ্যালেন্টাইন দিবসে ইন্দোনেশিয়ায় দেখা যায় এক দিনে সম্পন্ন হওয়া বিশ্বের সবচেয়ে বড় নির্বাচন। বিশ্বের তৃতীয় বৃহত্তম গণতান্ত্রিক ও চতুর্থ জনবহুল দেশটির জনগণ এ নির্বাচনের মাধ্যমে তাদের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে বেছে নেয় প্রাবোও সুবিয়ান্তোকে।

এর পরই ভোটের ঘণ্টা বাজে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক ও জনবহুল দেশ ভারতে। সামনে ভোটের হাঁক উঠছে ইউরোপীয় ইউনিয়নের জোটের দেশগুলোতে। বছর শেষ হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের মধ্য দিয়ে।

নির্বাচনকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি এবার সিএস পার্টনারস তাদের প্রতিবেদন তৈরিতে প্রাধান্য দিয়েছে জলবায়ু পরিবর্তনের কারণে স্থানান্তরের ওপর। একে শতাব্দীর সবচেয়ে বিপর্যয়কর প্রভাব হিসেবে বিবেচনা করা হয়েছে।

খাদ্যের শৃঙ্খলা নষ্ট হওয়া, প্রাকৃতিক দুর্যোগের অভিঘাত এবং বিধ্বংসী কর্মকাণ্ডের ফলে পরিবেশগত সম্পদের বিনাশ হওয়ায় কীভাবে মানুষ ‘জলবায়ু উদ্বাস্তু’ হয়ে স্থানান্তরিত হচ্ছে, সেটিও গুরুত্ব দিয়ে প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

বছর-বছর বন্যা, দীর্ঘস্থায়ী খরা, মরুকরণ ও ধীরে ধীরে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মত কিছু বিরূপ ঘটনা বিশ্বজুড়েই ঘটে চলেছে বলে প্রতিবেদনে বর্ণনা করা হয়েছে।

সিএস পার্টানারস প্রতিবেদনটি তৈরিতে বাংলাদেশের উপকূলীয় বাস্তবতাকে উদাহরণ হিসেবে নিয়েছে, যেখানে গত ৩৫ বছরে লবণাক্ততা বেড়ে গেছে প্রায় ২৬ শতাংশ। প্রতি বছর লবণাক্ত হয়ে পড়ছে নতুন নতুন এলাকা।

এর সঙ্গে বন্যা ও ঝড়-জলোচ্ছ্বাস মিলে বাংলাদেশের উপকূলকে বসবাসের অনুপযোগী করে ফেলছে। 

বিশ্ব ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, উপকূল অঞ্চল থেকে প্রতিবছর ৩ লাখের কাছাকাছি মানুষ ঢাকায় এসে উঠছে; উপকূলীয় বন্যা ও লবণাক্ততা ক্রমেই বেড়ে যাওয়া এর অন্যতম প্রধান কারণ।

জাতিসংঘের অভিবাসন সংস্থার আভাসে বলা হয়েছে, ২০৫১ সাল নাগাদ বাংলাদেশের প্রতি সাতজনের একজন নিজের আবাস থেকে স্থানান্তরের শিকার হবেন। সব মিলে এ সংখ্যা দাঁড়াবে প্রায় ১ কোটি ৩৩ লাখ জন।

প্রতিবেদনে বলা হচ্ছে, যখন বিপুল জনগোষ্ঠী দেশের ভেতরে স্থানান্তরের চক্করে পড়বে, তখন স্বল্প পরিসরে একটি অংশের মানুষ বিদেশে অর্থনৈতিকভাবে অভিবাসন গড়তে চাইবে এবং তা অবসম্ভাবী হয়ে উঠবে।