১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বুলডোজার মিছিলের ডাক: ধানমণ্ডির ৩২ নম্বরে নিরাপত্তা জোরদার

হাসনাত আব্দুল্লাহ এক ফেইসবুক পোস্টে লেখেন, “আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে।”

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2025, 09:01 PM

Updated : 10 Sep 2026, 12:32 PM

ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার অনলাইন ভাষণের ঘোষণার পাল্টায় ধানমণ্ডির ৩২ নম্বর অভিমুখে ‘বুলডোজার মিছিলের’ ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বুধবার রাত ৯টায় ধানমণ্ডির ৩২ নম্বর অভিমুখে মিছিল কর্মসূচি ঘোষণা করেছে গত বছরের জুলাই-অগাস্টের গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার উৎখাতে নেতৃত্ব দেওয়া সংগঠনটি।

মঙ্গলবার বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, বুধবার রাতে ভার্চুয়াল এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার কথা রয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তবে বিষয়টি নিয়ে কড়া প্রতিক্রিয়া আসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। 

সংগঠনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এক ফেইসবুক পোস্টে লেখেন, “হাসিনাকে বক্তব্য প্রকাশের সুযোগ দেওয়াকে বাংলাদেশের ফ্যাসিবাদ-বিরোধী জনগণের বিরুদ্ধে ভারতের যুদ্ধ হিসেবে দেখি।”

পরে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফেইসবুকে আরেক পোস্টে তিনি লেখেন, “আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে।”

এর আগেই বুধবার বিকেলে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ইলিয়াস হোসাইন ও পিনাকী ভট্টাচার্য ফেইসবুকে ‘ধানমণ্ডি ৩২ অভিমুখে বুলডোজার মিছিল’ ঘোষণা করেন। 

একটি ফটোকার্ড শেয়ার করেন এই দুই কন্টেন্ট ক্রিয়েটর। তাতে বলা হয়, “হাজারো ছাত্রজনতার ওপর গণহত্যা চালিয়ে দিল্লি পালিয়ে গিয়ে সেখান থেকেই খুনি হাসিনার বাংলাদেশ বিরোধী তৎপরতার প্রতিবাদে ২৪-এর বিপ্লবী ছাত্র জনতার উদ্যোগে আজ (বুধবার) রাত ৯টায় এই কর্মসূচি পালিত হবে।”

এতসব কর্মসূচির কারণে ধানমণ্ডি এলাকায় নিরাপত্তা বাড়ানোর কথা জানিয়েছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) জিসানুল হক পৌন ৮টায় বলেন, “আমরা নিরাপত্তা বাড়িয়েছি।”

সেখানে অন্য কোনো বাহিনী আছে কী না জানতে চাইলে তিনি বলেন, “আপাতত এখানে শুধু পুলিশ আছে।”