১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন, পৌনে ১ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

"ফায়ার সার্ভিস এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণ করেছে। তেমন কোনো ক্ষতি হয়নি,” বলেন মফিদুল হক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2025, 01:31 PM

Updated : 26 Aug 2026, 11:59 AM

রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন লাগার পর পৌনে এক ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। 

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার সকাল ৯টায় মুক্তিযুদ্ধ জাদুঘর ভবনের নিচতলায় জেনারেটর ভবনে বৈদ্যুতিক গোলোযোগ থেকে আগুন লেগে যায়। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং সকাল ৯টা ৪৬ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ফায়ার সার্ভিস এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণ করেছে। তেমন কোনো ক্ষতি হয়নি। জাদুঘরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।"

শর্ট সার্কিট থেকে জেনারেটরে স্পার্ক করে আগুনের সূত্রপাত হয় বলে মফিদুল হক জানান।

মুক্তিযুদ্ধ জাদুঘরের অফিস সেক্রেটারি কোহিনুর আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জেনারেটর রুমে অগ্নিকাণ্ড ঘটেছে। সেখানে জেনারেটরের কিছু ক্ষতি হয়েছে। অন্য কোথাও আগুন ছড়িয়ে পড়েনি বা বড়ো ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।"