২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বাংলাদেশকে হারাতে দুইশর নিচে লক্ষ্য চায় জিম্বাবুয়ে

সিলেট টেস্ট জয়ের ছক আঁকছে জিম্বাবুয়ে।

বাংলাদেশকে হারাতে দুইশর নিচে লক্ষ্য চায় জিম্বাবুয়ে
ম্যাচজুড়ে দুর্দান্ত বোলিং করা ব্লেসিং মুজারাবানিকে অভিনন্দন জানাচ্ছেন সতীর্থরা। ছবি: জিম্বাবুয়ে ক্রিকেট ফেইসবুক।

ক্রীড়া প্রতিবেদক

সিলেট থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2025, 07:21 PM

Updated : 26 Aug 2026, 12:34 PM

তৃতীয় দিন শেষে ম্যাচের যা অবস্থা, তাতে কোনো এক দলকে এগিয়ে রাখা কঠিন। ব্লেসিং মুজারাবানি অবশ্য নিজেদেরকেই এগিয়ে রাখছেন। এখান থেকে ম্যাচ জয়ের দিকে এগিয়ে যেতে চান জিম্বাবুয়ের পেসার। শেষ ইনিংসে লক্ষ্যটা রাখতে চান তারা দুইশর নিচে।

সিলেট টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ এগিয়ে ১১২ রানে। উইকেট বাকি আছে ছয়টি। 

চতুর্থ ইনিংসের রান তাড়ার কাজটা যে কোনো প্রেক্ষাপটেই কঠিন। বাংলাদেশ যদি আর দু-একটি ভালো জুটি গড়তে পারে, লক্ষ্যটা তারা নিতে পারে জিম্বাবুয়ের নাগালের বাইরে। তবে জিম্বাবুয়ে যদি চতুর্থ দিন সকালে দ্রুত দু-একটি উইকেট নিতে পারে, তাহলে বাংলাদেশও পড়ে যাবে মহাবিপদে। 

সামগ্রিক দিক থেকে ম্যাচ তাই ভারসাম্যপূর্ণ। প্রথম ইনিংসের ৮২ রানের ঘাটতি ঘুচিয়ে যেভাবে লড়াইয়ে ফিরেছে বাংলাদেশ, সেটির প্রশংসা করছেন মুজারাবানি। তবে সুবিধাজনক অবশ্য নিজেদের দলকেই দেখছেন এই পেসার। 

“আমাদের জন্য দিনটি ছিল বেশ কঠিন। বাংলাদেশ ভালো লড়াই করেছেন। তবে যা হয়েছে, খারাপ হয়নি।”

“আমরা অবশ্যই লড়াইয়ে আছি ভালোভাবেই। তবে টেস্ট ক্রিকেটের ব্যাপারটিই হলো প্রতিটি দিন ধরে খেলতে হয়। এখনও অনেক সময় বাকি আছে এই ম্যাচে। আমাদের বিশ্বাস, এখনও পর্যন্ত আমরাই এগিয়ে।”

এগিয়ে থাকার এই অবস্থা থেকে জয়ের পথ সুগম করতে সম্ভাব্য একটি স্কোর ভাবনায় আছে জিম্বাবুয়ের। তবে সেটি না ভেবে নিজেদের করণীয়তে মন দিতে চান এই পেসার। 

 “সবচেয়ে ভালো হয় দুইশর নিচে রাখতে পারলে (লক্ষ্য)। তবে রানের কথা আমাদের ভাবা উচিত নয়। আমাদের ভাবনায় থাকা উচিত উইকেট নেওয়া। বাংলাদেশের বাকি উইকেটগুলো নেওয়া সহজ হবে না। (বোলিংয়ে) আরও শৃঙ্খলা দেখাতে হবে আমাদের।”