ঢাকা, জুন ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিনিয়োগ বাড়াতেই বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এক গবেষণার বরাত দিয়ে শুক্রবার বাজেট পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “দেশের মোট টাকার (জিডিপি) ৪২ থেকে ৮২ শতাংশই ব্ল্যাক মানি। এটার বিনিয়োগ আমরা অবশ্যই চাই। এটা বিবেচনায় রেখেই বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ করে দেওয়া হয়েছে। কোনো বিশেষ মহলকে খুশি করার জন্য নয়।”
বৃহস্পতিবার জাতীয় সংসদে উপস্থাপিত ২০১২-১৩ অর্থবছরের বাজেটের অর্থ বিলে অর্থমন্ত্রী ১০ শতাংশ হারে জরিমানা দিয়ে যে কোনো খাতে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার কথা বলেন।
১ লাখ ৯১ হাজার ৭৩৮ কোটি টাকা ব্যয়ের এই বাজেটের বিভিন্ন দিক নিয়ে খোলামেলা আলোচনার জন্যই প্রথা অনুযায়ী রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই সংবাদ সম্মেলনে হাজির হন তিনি।
মিলনায়তন-ভর্তি সাংবাদিক ও সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে বিকেল ৪টা ১০ মিনিটে বক্তব্য শুরু করেন অর্থমন্ত্রী। প্রথমে তিনি বৃহস্পতিবার সংসদে দেওয়া তার বাজেটের ওপর সংক্ষিপ্ত বক্তব্য দেন। এর পর সাংবাদিকদের মুখোমুখি হন অর্থমন্ত্রী। দুই ঘণ্টার এই সংবাদ সম্মেলনে হাস্যোজ্জ্বল ছিলেন তিনি।
অর্থমন্ত্রীর সঙ্গে মঞ্চের প্রথমে সারিতে বসেছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার। তার পেছনের সারিতে ছিলেন অর্থসচিব মোহাম্মদ তারেক, গভর্নর আতিউর রহমান, এনবিআর চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ইকবাল মাহমুদ ও পরিকল্পনা সচিব ভূঁইয়া শফিকুল ইসলাম।
চার পর্বে প্রায় ২০ জন সাংবাদিকের বিভিন্ন প্রশ্নের জবাব দেন অর্থমন্ত্রী ও কৃষিমন্ত্রীসহ মঞ্চের অন্যরা।
কালো টাকা সাদা করার সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে মুহিত বলেন, “এই সুযোগ দিয়েছি যাতে কালো টাকা বিনিয়োগে আসতে পারে। নির্দিষ্ট হারের করের সঙ্গে ১০ শতাংশ জরিমানা যোগ করেই এটা দিতে হবে। পাচারের সুযোগ দেওয়ার জন্য এটা করা হয়নি।”
ঘোষিত বাজেট সম্পর্কে অর্থমন্ত্রীর নিজের মূল্যায়ন জানতে চাইলে তিনি বলেন, “জনগণ, পল্লী, কৃষি ও মানুষের উপকারে আসে এমন বাজেটই আমরা দিয়েছি।”
অর্থনীতিবিদ ও বিশ্লেষকদের অনেকেই বলেছেন, মন্ত্রী বাজেট প্রস্তাবে ৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ও বার্ষিক গড় মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে বেঁধে রাখার যে আশার কথা বলেছেন, তা বাস্তবায়ন কঠিন হবে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে লক্ষ্যমাত্রার পক্ষে নিজের যুক্তি তুলে ধরেন মুহিত।
“আমরা বিনিয়োগ বাড়ানোর জন্য নানামুখী পদক্ষেপ নিয়েছি। আশা করছি, এসব পদক্ষেপের ফলে ৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হবে।”
মূল্যস্ফীতির হার নিয়ে তার যুক্তি, “এই হার ইতোমধ্যে ৯ দশমিক ১ শতাংশে নেমে এসেছে। আমরা আশা করছি, কৃষির বাম্পার ফলনের কারণে খাদ্য মূল্যস্ফীতি আরো কমে আসবে।”
“এছাড়া বিশ্ব অর্থনীতিতে মন্দার যে আবহ ছিল, তা আগামী বছর থাকবে না বলে ধারণা করা হচ্ছে। আগামী অর্থবছরে বিভিন্ন দেশের প্রবৃদ্ধি ভালো হবে বলেও ধারণা করা হচ্ছে। এর প্রভাব আমাদের দেশের ওপরও পড়বে। এ সব বিষয় বিবেচনায় রেখেই আমরা কাক্সিক্ষত প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হব বলে মনে করি”, যোগ করেন মুহিত।
নতুন অর্থবছরের বাজেটে রপ্তানি পণ্যে উৎসে কর কাটার হার বাড়ানোর প্রস্তাব নিয়ে সমালোচনা এসেছে। তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ শুক্রবার সংবাদ সম্মেলন করে বলেছে, এই সিদ্ধান্ত কার্যকর করা হলে দেশে শিল্পের স্বাভাবিক বিকাশ ব্যাহত হবে।
এ বিষয়ে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি অনুষ্ঠানমঞ্চে উপস্থিত এনবিআর চেয়ারম্যানকে বিষয়টি ব্যাখ্যা করতে বলেন।
এনবিআর চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ বলেন, “আমরা গবেষণা করে দেখেছি, তৈরি পোশাক খাত যে মুনাফা করে সে তুলনায় আগের শূন্য দশমিক ৭ শতাংশ উৎসে কর খুবই কম। এছাড়া টাকার অবমূল্যায়নের ফলে তৈরি পোশাক খাত এ অর্থবছরে অতিরিক্ত লাভ করেছে। এসব বিষয় যৌক্তিকিকরণের জন্যই সব খাতে রপ্তানি পণ্যের ওপর ১ দশমিক ২ শতাংশ হারে উৎসে কর কাটার প্রস্তাব করা হয়েছে।”
নাসিরউদ্দিনের মতে, এই হার আরো বেশি হওয়া উচিৎ।
আগামী অর্থবছরে ভর্তুকি খাতে কতো টাকা বরাদ্দ রাখা হয়েছে জানতে চাইলে অর্থসচিব ড. মোহাম্মদ তারেক বলেন, বিভিন্ন খাতে ভর্তুকি বাবদ ৩৪ হাজার ৫৩৩ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে, যা জিডিপির ৩ দশমিক ৩ শতাংশ।
মোবাইল ফোনের বিলের ওপর দুই শতাংশ হারে উৎসে কর কাটার প্রস্তাবের বিষয়ে এক প্রশ্নের জবাবে মুহিত বলেন, “এটি আসলেই ভেবে দেখার বিষয়। আমরা অবশ্যই এটি পুনর্বিবেচনা করব।”
বৃহস্পতিবার জাতীয় সংসদে উপস্থাপিত বাজেটে পোস্ট-পেইড মোবাইল ফোন গ্রাহকের ক্ষেত্রে মোট বিলের ওপর এবং প্রি-পেইড গ্রাহকের ক্ষেত্রে কার্ড বিক্রি বা রিচার্জের সময় দুই শতাংশ হারে এই কর কাটার প্রস্তাব করা হয়।
বর্তমানে মোবাইল ফোন গ্রাহকরা বিলের জন্য ১৫ শতাংশ হারে মূল্য সংযোজন কর বা ভ্যাট পরিশোধ করছেন।
বাজেট পরবর্তী এই সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এবং প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মসিউর রহমান ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী মো. এনামুল হকও উপস্থিত ছিলেন।
শেয়ারবাজারের মঙ্গলে নানা সুযোগ-সুবিধা
পুঁজিবাজার সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে মুহিত বলেন, “আমরা শেয়ারবাজারের মঙ্গল চাই। আর সেজন্যই বাজেটে বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়েছি।”
এ প্রসঙ্গে তিনি বলেন, “গত এক বছর ধরে আমরা (সরকার) শেয়ারবাজারকে একটি স্থিতিশীল অবস্থায় নিয়ে আসার চেষ্টা করছি। কিন্তু হচ্ছে না। এক্ষেত্রে মার্কেট প্লেয়ারদেরও একটি ভূমিকা আছে। তাদের সে ভূমিকা পালন করা উচিত বলে আমি মনে করি।”
আগামী ডিসেম্বরের মধ্যেই দুই স্টক এক্সচেঞ্জের ডিমিউচ্যুয়ালাইজেশন করা শেষ হবে বলে জানান মহাজোট সরকারের চার বার বাজেট পেশ করা অর্থমন্ত্রী।
প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে মার্চেন্ট ব্যাংকগুলোর কর্পোরেট ট্যাক্স ৪২ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ৩৭ দশমিক ৫ করা এবং পাঁচ হাজার টাকা পর্যন্ত মুনাফা করমুক্ত রাখাসহ আরও কিছু ইতিবাচক ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী।
উৎপাদনে ভর করে প্রবৃদ্ধি বাড়বে
দেশের বিনিয়োগ পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, “স্থবির বিনিয়োগ পরিস্থিতি নিয়েও আমরা ৫ দশমিক ১ শতাংশ থেকে ৬ দশমিক ৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছি। আমি মনে করি, আমাদের উৎপাদন ক্ষমতার পুরোটা ব্যবহার (এক্সেস ক্যাপাসিটি) করতে পারলে প্রবৃদ্ধি আরও বাড়বে।”
আইএমএফের ইসিএফ (বর্ধিত ঋণ সুবিধা) ঋণ পেতে সরকার বেশ কিছু শর্ত মেনে নিয়েছে যেগুলো প্রকাশ করা হয়নি- বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) এ সমালোচনা নাকচ করে দিয়ে মুহিত বলেন, “আইএমএফের ঋণে কোনো শর্ত নেই। সব কিছু আইএমএফের ওয়েবসাইটে আছে। যদি তারা না দেখে থাকেন তাহলে সেটা তাদের ব্যর্থতা বলে আমি মনে করি।”
“আমি চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছি আইএমএফের ঋণে কোনো শর্ত নেই,” জোর দিয়ে বলেন মুহিত।
সম্পদশালীরা কর দিতে চান না
‘আমাদের কর আদায় অনেক কম’ মন্তব্য করে মুহিত বলেন, “যারা অধিকতর সম্পদ সৃষ্টি করেছেন তারা কর দিতে চান না। সে কারণেই ব্যাক্তি শ্রেণীর করদাতাদের করমুক্তি আয়ের সীমা এক লাখ ৮০ হাজার টাকাতেই রেখেছি। গত বাজেটে এটা আমরা বাড়িয়েছিলাম। এবার বাড়ানো উচিত হবে না বলে মনে করেছি।”
“তবে ন্যূনতম কর দুই হাজার টাকা থেকে বাড়িয়ে তিন হাজার টাকা প্রস্তাব করেছি। অন্যদিকে তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে উৎসে কর বাড়িয়ে ১ দশমিক ২ শতাংশ করেছি। রাজস্ব আদায় বাড়াতেই তৈরি পোশাক রপ্তানিকারকদের প্রতি একটু বেশি অনুরাগ দেখাচ্ছি”, রপ্তানি পণ্যে উৎস কর বাড়ানোর যুক্তি দেখান অর্থমন্ত্রী।
তবে কর ফাঁকি দেওয়ার প্রবণতা সব দেশেই আছে বলে মন্তব্য করেন তিনি।
পদ্মা সেতু নিয়ে এক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, “কাদের অর্থে পদ্মা সেতু নির্মাণ হবে তা আগামী মাসের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আগামী হেমন্তে (শুষ্ক মৌসুম) এ সেতুর কাজ অবশ্যই শুরু করা হবে।”
এ বিষয়ে অর্থসচিব বলেন, “আগামী অর্থবছরে পদ্মা সেতুর কাজ শুরু করা হবে। এ সেতু নির্মাণের জন্য প্রাথমিক খরচ হিসেবে এডিপিতে তিন হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পিপিপি খাতে বরাদ্দ আছে তিন হাজার কোটি টাকা। প্রয়োজনে পিপিপির পুরোটাই পদ্মা সেতুর প্রাথমিক কাজের জন্য ব্যয় করা হবে।”
ক্রয়ক্ষমতা বেড়েছে
মুহিত বলেন, “গ্রামে বাজার করার ক্ষমতা বেড়েছে। অর্থ্যাৎ মানুষের ক্রয়-ক্ষমতা বেড়েছে। গ্রামীণ জীবনে বিপ্লব ঘটেছে। দারিদ্র্য বিমোচনে আমরা অনেক দূর এগিয়েছি। একই সঙ্গে আয় বৈষম্যও ব্যাপকভাবে কমেছে। এর প্রধান কারণ সামাজিক নিরাপত্তা বলয়।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/এসইউ/২২৩৩ ঘ.
bdnews24