২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফোন বিলে উৎসে করের প্রস্তাব পুনর্বিবেচনার আশ্বাস

মোবাইল ফোনের বিলের ওপর দুই শতাংশ হারে উৎসে কর কাটার প্রস্তাবটি পুনর্বিবেচনা করা হবে বলে আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2012, 11:32 AM

Updated : 24 Aug 2022, 11:30 AM

ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোবাইল ফোনের বিলের ওপর দুই শতাংশ হারে উৎসে কর কাটার প্রস্তাবটি পুনর্বিবেচনা করা হবে বলে আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রথা অনুযায়ী বাজেট ঘোষণার পরদিন শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটি আসলেই ভেবে দেখার বিষয়। আমরা অবশ্যই এটি পুনর্বিবেচনা করব।” বৃহস্পতিবার জাতীয় সংসদে উপস্থাপিত ২০১২-২০১৩ অর্থবছরের বাজেটে পোস্ট-পেইড মোবাইল ফোন গ্রাহকের ক্ষেত্রে মোট বিলের ওপর এবং প্রি-পেইড গ্রাহকের ক্ষেত্রে কার্ড বিক্রি বা রিচার্জের সময় দুই শতাংশ হারে এই কর কাটার প্রস্তাব করেন। বর্তমানে মোবাইল ফোন গ্রাহকরা বিলের জন্য ১৫ শতাংশ হারে মূল্য সংযোজন কর বা ভ্যাট পরিশোধ করছেন। আন্তর্জাতিক টেলিফোন কলের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিউ) সার্ভিসের প্রাপ্ত সমুদয় অর্থের ওপর এক শতাংশ হারে এবং অন্যান্য ক্ষেত্রে আইজিডব্লিউ প্রদত্ত অর্থের ওপর ৫ শতাংশ হারে উৎসে আয়কর কাটারও প্রস্তাব করেন অর্থমন্ত্রী। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) হিসাবে, বর্তমানে বাংলাদেশে ৯ কোটির বেশি মোবাইল ফোন গ্রাহক রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/১৭২৫ ঘ.